প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একসঙ্গে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা, পথসভা করা ও টাকা বিলি না করার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া পশ্চিম জুড়ী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ছয়জন প্রার্থী প্রচারণায় মাইকের ব্যবহার ও বাদ্যযন্ত্রসহ গান না করানোর ঘোষণা দিয়েছেন। ৩১ মার্চ জুড়ীর পাঁচটি ইউপির নির্বাচন হবে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ১০ মার্চ বিকেলে সাগরনাল ইউনিয়নের কলাবাড়ী বাজারে একটি বাড়িতে উঠান বৈঠক হয়। বৈঠকে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য মো. হারিছ উদ্দিন, মাসুক মিয়া, শফিকুল ইসলাম জুয়েল, তাজুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত চার প্রার্থী একসঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো ও পথসভা করা, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি না করা এবং প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য না করার ঘোষণা দেন।
উত্তর সাগরনাল গ্রামের ভোটার স্নাতক শ্রেণির শিক্ষার্থী সাহাবুদ্দিন সামছু ও মোর্শেদ আলম বলেন, ইউপি সদস্য প্রার্থীদের এ উদ্যোগ প্রশংসনীয়। এতে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালের দিকে পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের হারিছ আলীর বাড়িতে উঠান বৈঠক হয়। সেখানে ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য আমির হোসেন, আবদুস সালাম, বিন্দু পাল, লুৎফুর রহমান আজাদী, মনির আহমদ, সিরাজুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে সদস্য প্রার্থীরা শব্দদূষণ রোধে তাঁদের নির্বাচনী প্রচারণার মাইক ব্যবহার ও বাদ্যযন্ত্রসহকারে গান না করানোর ঘোষণা দেন। তবে সদস্য প্রার্থী কবির আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন না।
সদস্য প্রার্থী আবদুস সালাম ও আমির হোসেন বলেন, নির্বাচনের সময় মাইক ও গানবাজনার যন্ত্রণায় লোকজন অতিষ্ঠ হয়ে পড়েন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহর লাল দত্ত মুঠোফোনে বলেন, ইউপি সদস্য প্রার্থীদের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তা সহায়ক হবে।