ভোটকেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের ব্যালটে সিল দেওয়াসহ নানা অভিযোগের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ইউনিয়নে মোট ১০ হাজার ২২২ জন ভোটার নয়টি কেন্দ্রে উ ৎ সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করেন। এর আগে সীমানা নির্ধারণসহ বিভিন্ন অভিযোগে ইউনিয়নের নির্বাচন তিনবার স্থগিত করা হয়েছিল।বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল গাফফার তালুকদার এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন রাঢ়ীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, সকাল আটটার আগেই প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ শুরু করেন। সকাল নয়টা পর্যন্ত কোনো কেন্দ্রে কোস্টগার্ড পৌঁছায়নি এবং ১০টা পর্যন্ত ম্যাজিস্ট্রেট আসেননি। ওই সুযোগে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নজরুল ইসলামের সমর্থকেরা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সব কেন্দ্র থেকে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেন।সরেজমিন ইউনিয়নের দক্ষিণ সৈয়দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে দেখা গেছে। একই কেন্দ্রের ২ নম্বর বুথে চেয়ারম্যান প্রার্থীর ব্যালটে সিল দিতে দেখা গেছে অন্য এক এজেন্টকে। ওই কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর কোনো এজেন্টকে খুঁজে পাওয়া যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সব এজেন্টই ছিল, কেউ বাইরে যেতে পারে।’ওই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন বলেন, ‘চরাঞ্চল হওয়ায় এবং ভালো অবকাঠামো না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে নির্বাচন নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেননি।’ওই কেন্দ্রেই আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন রাঢ়ী অভিযোগ করেন, তাঁর ও বিএনপি-সমর্থিত আবদুল গাফফার তালুকদারের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত মো. নজরুল ইসলাম ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি।৫ নম্বর ওয়ার্ডের ভোটার মো. আলতাফ হোসেন এবং কামাল দেওয়ান বলেন, ‘ক্ষমতায় আওয়ামী লীগ। তাই বিএনপির লোকদের আইতে দেয় না।’ ওই ওয়ার্ডের সাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছাড়া অন্যদের কোনো এজেন্টকে পাওয়া যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা কাজী মনিরুল ইসলাম বলেন, ‘আমার কাগজে সব এজেন্টই স্বাক্ষর করেছেন। এখন কেন নেই, বলতে পারব না।’ কেন্দ্রের ৩ নম্বর বুথের পোলিং কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, কিছুক্ষণ আগে ছিল, এখন নেই। একই কথা জানান অন্য বুথের পোলিং কর্মকর্তা মো. আদম আলী।এই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এজেন্ট ও সমর্থকদের ব্যালটে সিল দিতে দেখা গেছে। পরে কোস্টগার্ড, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।নির্বাচনী এলাকায় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল আলম বলেন, সার্বিক পরিবেশ ভালো। কিছু অভিযোগের কথা শোনা গেলেও কেউ লিখিত অভিযোগ করেননি।বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল গাফফার তালুকদার বলেন, ‘সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি ওই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। একই সঙ্গে লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনার বরাবর ঢাকায় অভিযোগ দিয়েছি।’উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘একজন প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কোনো কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এমন কিছু আমার জানা নাই। তবে কোনো এজেন্ট চলে গিয়ে থাকলে আমাদের তো কিছু করার নাই।’জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে মৌখিকভাবে অনিয়মের কথা জানানো হয়েছে।’আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাঁদের পরাজয় নিশ্চিত জেনে বিভিন্ন অভিযোগ করছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’