প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মারধরে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দিন গতকাল শনিবার প্রতিদ্বন্দ্বী এক সদস্য প্রার্থীর সমর্থকদের মারধরে মো. হাফিজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা আগে সকাল সাতটার দিকে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।সারা দেশে ইউপি নির্বাচন শেষ হলেও নামকরণ জটিলতার মামলার কারণে গুনাইঘর উত্তর ও গুনাইঘর দক্ষিণ ইউপির নির্বাচন স্থগিত ছিল। গতকাল ওই দুই ইউপিতে নির্বাচন হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল সকালে ফজরের নামাজ শেষে গণেশপুর গ্রামের মো. হাফিজ উদ্দিন বাড়ি বাড়ি গিয়ে নারীদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাতে থাকেন। হাফিজ গুনাইঘর দক্ষিণ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. বিল্লাল হোসেনের সমর্থক ছিলেন। এ সময় অপর সদস্য প্রার্থী মো. শাহজালাল ঝারু মিয়ার সমর্থক সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম ও তাঁর ভাই আবদুস সালাম ক্ষুব্ধ হয়ে হাফিজকে গালমন্দ করে গলাধাক্কা ও কিল-ঘুষি মেরে বাড়ি থেকে বের করে দেয়। আহত হয়ে হাফিজ পাশে নুরু মিয়ার চায়ের দোকানে গিয়ে ঘটনার বিচার দাবি করেন। কথা বলার একপর্যায়ে তিনি ঢলে পড়েন। তাঁকে দোকানে বসিয়ে দোকানমালিক বাড়িতে খবর দেন। খবর পেয়ে শাহ আলম ও তাঁর ভাই সালাম হাফিজকে তাঁদের ঘরে নিয়ে আসেন। পরে হাফিজের ছেলে জাকির এসে তাঁকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গণেশপুর গ্রামে গিয়ে শাহ আলমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মা কমলা খাতুন বলেন, ‘ভোট নিয়ে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি হয়েছে। আমি হাফিজকে ঘরে এনে নাশতা খাইয়েছি। এ সময় মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়ে হাফিজের মৃত্যু হয়। কিন্তু ওরা বলছে, আমার ছেলেরা হাফিজকে মেরে ফেলেছে।’ দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় নির্বাচন নিয়ে প্রতিপক্ষের লোকদের হাতে হাফিজ লাঞ্ছিত ও আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর প্রকৃত ঘটনা বলা যাবে। এ ব্যাপারে নিহতের ছেলে ইলিয়াস বাদী হয়ে শাহ আলম, আবদুস সালামসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।