পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের বাধা, হুমকি ও হামলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়েছেন। এ অবস্থায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কর্মী ও সমর্থকেরা প্রচারণায় অংশ নিতে পারছেন না।
গতকাল বুধবার দুপুরে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপির প্রার্থীরা সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ তুলে ধরেন। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বিএনপির প্রার্থীর সমর্থকদের মারধর ও মাইক ভাঙচুর করছেন। এ ছাড়া প্রচারে বাধা, সমর্থকদের এলাকাছাড়া করা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ কারণে বিএনপির প্রার্থী ও সমর্থকেরা নির্বাচনী মাঠ ছেড়ে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
এর আগে গত সোমবার এই প্রতিবেদক ফোন করলে টিকিকাটা ইউপিতে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মৃধা অভিযোগ করেন, ‘গত রোববার দুপুরে কুমিরমারা এলাকায় আমার বড় ভাই শাহিন মৃধা প্রচারণা চালাতে গেলে ছাত্রলীগের কর্মীদের বাধার মুখে পড়েন। আমাদের প্রচারের মাইকের তার ছিঁড়ে ফেলা হয়।’
বর্তমান চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত রোববার আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোক আমার বাড়িতে হামলা চালানোর জন্য আসে। গ্রামবাসীর প্রতিরোধ ও পুলিশ আসায় হামলা থেকে রক্ষা পাই।’
স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোশারেফ অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আমার গ্রামের বাড়ির এলাকায় প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দিচ্ছে।’
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘কারও প্রচারণায় বাধা দিইনি। আমার বিজয় সুনিশ্চিত দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিথ্যাচার করছেন।’
ধানীসাফা ইউপির স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা শুক্রবার রাতে আমুরবুনিয়া গ্রামের রুম্মান শরিফ ও আমির বাহালি এবং ফুলঝুড়ি গ্রামের মনিরুজ্জামানের ঘরের জানালা রামদা দিয়ে কুপিয়ে ভয়ভীতি দেখান।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ বলেন, ‘আমার কর্মীরা এতে জড়িত নন।’
হলতা গুলিসাখালী ইউপির স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ অভিযোগ করেন, ‘৫ মার্চ কবুতরখালী গ্রামে প্রচারণা চালাতে গেলে যুবলীগের কর্মীদের হামলায় আমার ২৫ জন সমর্থক আহত হন।’ আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল আলম বলেন, ‘হারুনের লোকজন মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার সময় আমার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’
বড় মাছুয়া ইউপিতে বিএনপির মীর মনিরুজ্জামান অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নাসির হোসেন হাওলাদারের সমর্থকেরা আমাকে এলাকা ত্যাগ করার হুমকি দিচ্ছে।’ স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম অভিযোগ করেন, ‘বড় মাছুয়া, উত্তর বড় মাছুয়া ও খেজুরবাড়িয়া গ্রামে আমার সমর্থকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ৭ মার্চ বড় মাছুয়া বাজারে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে নাসিরের লোকজন।’ নাসির হাওলাদারের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। এরপর তিনি ফোন বন্ধ করে রাখেন।
৮ মার্চ দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক খানের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চার স্বতন্ত্র প্রার্থী। সেখানে বর্তমান চেয়ারম্যান আবদুল শুক্কুর তালুকদার, সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী খান, জাহিদুল আলম ও মিজানুর রহমান বলেন, ‘আমরা নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারছি না।’
আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক খান বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার জনপ্রিয়তায় ভীত হয়ে মিথ্যা অভিযোগ করছেন।’
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, সহিংসতার ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হয়।