প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ পাঁচজনকে মারধরের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী এবং তাঁদের লোকজন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের চার কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার ১১টি ইউপিতে দ্বিতীয় দফায় আজ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলার চৈত্রকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত আলী মন্ডল অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার রাতে কলোনীবাজার এলাকায় তাঁকে মারধর করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান ও তাঁর কর্মী-সমর্থকেরা। পরে তাঁকে (লিয়াকত) অপহরণ করে নেওয়ার পথে পুলিশ উদ্ধার করে। তবে এ অভিযোগ অস্বীকার করেন জিয়াউর রহমান।
মঙ্গলবার রাতে বড়দরগাহ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোতাহারুল হকের কর্মী-সমর্থকেরা জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী ফারুক মন্ডলের কর্মী জোয়াদ আলী মন্ডল ও ছাব্বার আলীকে আটক করে মারধর করেন। এ ছাড়া মিঠিপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসান আলী বলেন, গতকাল সকালে মাদারগঞ্জ এলাকায় তাঁর দুই সমর্থককে মারধর করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এস এম ফারুক আহমেদের কর্মী-সমর্থকেরা।