প্রতিদ্বন্দ্বী ৬২ প্রার্থীর ৩৫ জনই স্বশিক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন স্বশিক্ষিত বলে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন। অর্থাৎ এই পৌরসভায় শিক্ষিত প্রার্থীর চেয়ে স্বশিক্ষিত প্রার্থীর সংখ্যাই বেশি। তবে স্থানীয় সাধারণ ভোটাররা বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন।উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা সূত্রে জানা গেছে, মেয়রপদে প্রতিদ্বন্দ্বী আট প্রার্থীর মধ্যে পাঁচজনই স্বশিক্ষিত প্রার্থী। তাঁরা হলেন মকছুদ মিয়া, পূর্ণচন্দ্র দে, সার্জিনা আক্তার, জামালুর আনোয়ার ও মনিরুল ইসলাম। অন্য তিন প্রার্থীর মধ্যে সরওয়ার আজম স্নাতক, জেড এম গোলাম মোস্তফা এমএসএস ও শামসুল আলম এইচএসসি পাস বলে উল্লেখ করেছেন।সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ প্রার্থীর মধ্যে ১০ জন স্বশিক্ষিত। তাঁরা হলেন অনিকা আক্তার, শামীমা হক, রওশন আরা গফুর, রহিমা কবির, উম্মে আমিনা, মর্তুজা বেগম, জাহেদা আক্তার, খুরশিদা খানম, দিলারা সোলতানা ও সুলতানা রাজিয়া। অন্য চার প্রার্থীর মধ্যে নাজমা আক্তার এসএসসি, বীণা রানী দে এইচএসসি, প্রীতি কণা শর্মা দশম শ্রেণী ও উম্মে কুলসুম অষ্টম শ্রেণী পাস।সাধারণ কাউন্সিলর পদে ৪০ প্রার্থীর মধ্যে ২০ জন স্বশিক্ষিত। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ৪ নম্বর ওয়ার্ডে একজন, ৫ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৬ নম্বর ওয়ার্ডে দুজন, ৭ নম্বর ওয়ার্ডে তিনজন, ৮ নম্বর ওয়ার্ডে একজন ও ৯ নম্বর ওয়ার্ডে দুজন।স্বশিক্ষিত প্রার্থীদের নিয়ে ভোটাররা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে মনে করেন, যাঁর কোনো যোগ্যতা নেই, তাঁকে ভোট দিয়ে কী হবে? আবার অনেকের মতে, এলাকার উন্নয়নে শিক্ষিত-স্বশিক্ষিত বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। পৌর এলাকার হিন্দুপাড়ার অমল কান্তি দে জানান, শিক্ষিত প্রার্থীর চেয়ে স্বশিক্ষিত প্রার্থীরাই বেশ ভালো। কারণ, তাঁরা জনগণের খোঁজখবর নেন বেশি। আর এলাকার উন্নয়ন করতে যোগ্যতার কোনো প্রয়োজন নেই। অপর ভোটার আনোয়ার পাশা বলেন, এলাকার উন্নয়নে যোগ্যতার বিকল্প নেই। উপজেলা নির্বাচন কর্মকর্তা মইনুল হক বলেন, সাধারণ ভোটারদের জানার জন্য প্রার্থীদের হলফনামাগুলো কার্যালয়ের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রার্থীদের সম্পর্কে নানা তথ্য জানতে নির্বাচন কার্যালয়ে প্রতিদিন শত শত লোক ভিড় জমাচ্ছে।