প্রতিনিধি নির্বাচন করবেন সাধারণ মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক মুক্তি এক ভোট’ নীতির আলোকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হতে যাচ্ছে। এতে সাধারণ মুক্তিযোদ্ধারা তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। কাল শনিবার সারা দেশে একযোগে এই নির্বাচন হবে।তৃণমূলের মুক্তিযোদ্ধারা এই প্রথম নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। সর্বশেষ ২০০১ সালে সংসদের প্রথম নির্বাচনে সারা দেশ থেকে শুধু মুক্তিযোদ্ধা সংসদের কাউন্সিলররা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ভোট দিয়েছিলেন। কাউন্সিলররা সাধারণ মুক্তিযোদ্ধাদের ভোটে নির্বাচিত হতেন।নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। অবশ্য চেয়ারম্যান পদে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন। বাকি সাতজন হয় স্বতন্ত্র অথবা আংশিক প্যানেল থেকে দাঁড়িয়েছেন। পূর্ণাঙ্গ প্যানেলের তিন চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে আছে নানা বিতর্ক।পাঁচ সদস্যের নির্বাচন কমিশন: নির্বাচন পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি উপজেলায় একটি করে ভোটকেন্দ্র থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোট গ্রহণের কাজ তদারক করবেন। জেলায় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। তাঁর সহযোগিতায় থাকবেন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট।ভোটার তালিকা: নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মুক্তিবার্তার তালিকা বা গেজেটে যাঁদের নাম আছে, তাঁরা সবাই নির্বাচনে ভোট দিতে পারবেন। দুই তালিকা মিলিয়ে মোট ভোটারসংখ্যা এক লাখ ৬২ হাজার ৩৫৫।৬ মে খসড়া ভোটার তালিকা এবং ১৯ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২২ মে ও প্রর্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২ জুন। পরদিন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।পূর্ণাঙ্গ প্যানেল তিনটি: পূর্ণাঙ্গ প্যানেল তিনটি হচ্ছে সংসদের সাবেক চেয়ারম্যান আবদুুল আহাদ চৌধুরী, সাবেক আহ্বায়ক হেলাল মোর্শেদ খান ও ইসমত কাদির গামার নেতৃত্বাধীন। চেয়ারম্যান পদে আরও লড়ছেন নঈম জাহাঙ্গীর, নূরুল হুদা, ওছমান আলী খন্দকার, খালেকুজ্জামান, আবীর আহাদ, মো. আলমগীর ও ফরিদ উদ্দিন জাকির খান।শেষোক্ত সাতজনের অধিকাংশরেই তেমন পরিচিতি নেই। একজন প্রার্থী নিজেই প্রথম আলোকে বলেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবেন বলে মনে করেন না। তবে কিছু কথা বলতে হবে—এ কারণেই তিনি প্রার্থী হয়েছেন।আহাদ চৌধুরী: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ওপর করা এক নিরীক্ষা প্রতিবেদকে আহাদ চৌধুরীর বিরুদ্ধে সংসদের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। প্রতিবেদনে বলা হয়, আহাদ চৌধুরী ২০০১ সালের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত সংগঠনের ২৩ লাখ ২৭ হাজার ৬২ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজ জিম্মায় রাখেন। এই টাকা আহাদ চৌধুরীর কাছ থেকে আদায় করার সুপারিশও করা হয় প্রতিবেদনে। ২০০০ সালে জাতীয় প্যারেড স্কয়ারে মুক্তিযোদ্ধা সমাবেশের বিভিন্ন জিনিস সরবরাহে আহাদ চৌধুরী স্বাক্ষরিত রসিদে প্রকৃত দাম অপেক্ষা তিন লাখ ৭৭ হাজার ১৪০ টাকা অতিরিক্ত পরিশোধের অভিযোগ পাওয়া গেছে।আহাদ চৌধুরী প্রথম আলোকে বলেছেন, তাঁর বদনাম করার জন্য নির্বাচনের আগে এসব কথা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘আমি চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরলাম প্রায় ১০ বছর হয়ে গেল। যদি দুর্নীতি করতাম তাহলে দুদক বা থানায় মামলা হতো। কিন্তু কোনো মামলা তো হয়নি। আমার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী আমার বিরুদ্ধে এসব কথা ছড়াচ্ছেন।’বহিষ্কৃত হয়েছিলেন একজন: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সংসদের প্রথম নির্বাচনে মহাসচিব নির্বাচিত হয়েছিলেন ইসমত কাদির গামা। ওই সরকারের আমলে ওসমানী উদ্যানের গাছ কেটে জায়গা দখল করার চেষ্টা করেন তিনি। পরে নাগরিক সমাজের সদস্যদের জোরালো আন্দোলনের মুখে ওসমানী উদ্যান দখলের ওই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বহিষ্কৃত হন ইসমত কাদির। তিনি অবশ্য বহিষ্কার হওয়ার বিষয়টি স্বীকার করেননি। তিনি দাবি করেছেন, গাছ কাটার ঘটনায় তাঁর সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, ‘আমি ঘটনা দেখতে গিয়েছিলাম। এরপর আমার ছবি উঠেছিল দর্শক হিসেবে। পরে আমি ফেঁসে গিয়েছিলাম। আমি এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম না।’সাবেক আহ্বায়কের নির্বাচন করা নিয়ে প্রশ্ন: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাবেক সেনা কর্মকর্তা হেলাল মোর্শেদ খানকে প্রধান করে নির্বাচন পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি করা হয়। কমিটি থেকে পদত্যাগ করে হেলাল মোর্শেদ খান আহ্বায়ক ও সদস্যসচিব আবদুল মতিন মহাসচিব (প্রশাসন) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী পক্ষ প্রশ্ন তুলছে। আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খান মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হেলাল মোর্শেদ খান একাধিকবার সাংবাদিকদের বলেছিলেন, আহ্বায়ক কমিটির কেউ নির্বাচন করবেন না। কিন্তু তিনি সে ওয়াদা রক্ষা করেননি। জানতে চাইলে আবদুল মতিন বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল সারা দেশে কমিটি করে দেওয়া। কথা ছিল আহ্বায়ক কমিটির কেউ নির্বাচন করতে চাইলে তাঁকে পদত্যাগ করতে হবে। আমরা মে মাসের ২ তারিখ দায়িত্ব হস্তান্তর করে নির্বাচন করছি।’নির্বাচন কমিশনে অভিযোগ: হেলাল মোর্শেদের নেতৃত্বাধীন প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছে অন্য দুই প্যানেল। তাদের অভিযোগ, হেলাল মোর্শেদ নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী ও সাংসদদের নাম ভাঙিয়ে ভোট চাইছেন। তাঁদের পোস্টারে প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। ৬ জুন সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট-এ প্রকাশিত হেলাল মোর্শেদের সভার প্রচারণামূলক বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। আচরণবিধি অনুযায়ী কোনো প্রচারণায় প্রার্থীর নিজের ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি ছাপানোর নিষেধ আছে।হেলাল মোর্শেদ খান প্রথম আলোকে বলেছেন, প্রধানমন্ত্রী যে তাঁকে সংসদের আহ্বায়ক করেছিলেন, তা-ই পোস্টারে বলা হয়েছে। কিন্তু এ নির্বাচনে প্রধানমন্ত্রী তাঁকে মনোনীত করেছেন—এটা বলা হয়নি। অথচ এটা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।একজন জাহাঙ্গীর আলম: এবারের নির্বাচনে এস এম জাহাঙ্গীর আলম নামের একজন সহসভাপতি পদে নির্বাচন করছেন। তাঁর বিরুদ্ধে জালিয়াতির অনেক অভিযোগ আছে। মুজিবনগর সরকারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি নিলেও পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তদন্তে দেখা যায়, তিনি আসলে মুজিবনগর সরকারের কর্মকর্তা ছিলেন না। ১৯৭১ সালের ১ জুন তাঁর বয়স ছিল ১৫ বছর ৮ মাস ১৬ দিন। এই বয়সের কেউ সরকারি চাকরি পায় না। মুক্তিযোদ্ধা সংসদের একাধিক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিবার্তা করার সময় যাচাই-বাছাইকালে তিন দফা প্রমাণ হয়, জাহাঙ্গীর আলম আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না। তারপরও সে সময়কার চেয়ারম্যান আহাদ চৌধুরীর হস্তক্ষেপে মুক্তিযোদ্ধাদের তালিকায় তাঁর নাম ওঠে।