বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ও কাজের পরিবেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে দুই ডেমোক্র্যাট সদস্য প্রতিরক্ষা ব্যয়সংক্রান্ত বিলে সংশোধনী আনার প্রস্তাব দিয়েছেন।
ওই প্রস্তাব অনুসারে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে যেসব ঘাঁটিতে বাংলাদেশের তৈরি পোশাক নেওয়া হচ্ছে, তাদের বাংলাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ইমারত তৈরির নীতিমালা মানা হচ্ছে কি না, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। গত বুধবার কংগ্রেসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর গার্মেন্টস কারখানাগুলোতে একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার জর্জ মিলার ও ইলিনয়ের জেন সাকোওয়াস্কি প্রতিনিধি পরিষদে প্রতিরক্ষা বিলে ওই সংশোধনীর প্রস্তাব দেন। জর্জ মিলার গত মাসে বাংলাদেশ সফর করেন। গত ২৪ এপ্রিল ঢাকার কাছে সাভারে রানা প্লাজা ভবনধসে এক হাজার ১৩০ জন পোশাকশ্রমিক নিহত হন। প্রস্তাবে বলা হয়, বিশ্বের ৫০টিরও বেশি ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ইমারত তৈরির নীতিমালা মানা হচ্ছে কি না, তা তদারকি করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এতে ইউরোপ ও কানাডার কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। তবে ওয়ালমার্ট ও গ্যাপের মতো মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটন টাইমস।