বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ও কাজের পরিবেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে দুই ডেমোক্র্যাট সদস্য প্রতিরক্ষা ব্যয়সংক্রান্ত বিলে সংশোধনী আনার প্রস্তাব দিয়েছেন।
ওই প্রস্তাব অনুসারে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে যেসব ঘাঁটিতে বাংলাদেশের তৈরি পোশাক নেওয়া হচ্ছে, তাদের বাংলাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা ও ইমারত তৈরির নীতিমালা মানা হচ্ছে কি না, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
পোশাক কারখানাগুলোতে একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার জর্জ মিলার ও ইলিনয়ের জেন সাকোওয়াস্কি প্রতিনিধি পরিষদে আনা প্রতিরক্ষা বিলে ওই সংশোধনীর প্রস্তাব দেন।
প্রস্তাবে বলা হয়, বিশ্বের ৫০টিরও বেশি ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা ও ইমারত তৈরির নীতিমালা মানা হচ্ছে কি না, তা তদারকি করতে একটি চুক্তি সই করেছে। ওয়াশিংটন টাইমস।