প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে জরুরি ভিত্তিতে সংলাপ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গত ৫ জানুয়ারির নির্বাচন ‘নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ’ ছিল। তাই বাংলাদেশে আরও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে সংলাপে বসা দরকার।
ঢাকায় যুক্তরাষ্ট্রের মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট গতকাল শুক্রবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগ-প্রক্রিয়ার অংশ হিসেবে মার্শিয়া বার্নিকাট শুনানিতে বক্তব্য দেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২২ মে মার্শিয়া বার্নিকাটকে ঢাকায় যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রদূতের পদে মনোনীত করেন। নিয়মানুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট কোনো দেশে তাঁর দেশের রাষ্ট্রদূত পদে একজনকে মনোনীত করেন। এরপর মনোনীত ব্যক্তি মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে অংশ নেন। শুনানি শেষে ওই কূটনীতিকের নিয়োগ চূড়ান্ত হয়।
শুনানিতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রসঙ্গে মার্শিয়া বার্নিকাট বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যকার শক্তিশালী সম্পর্ক কখনো কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তা আমাদের খোলামেলা ও স্পষ্টভাবে আলোচনা করার সুযোগ দেয়। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের সাম্প্রতিক ধারা নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ অব্যাহত থাকার বিষয়টি লক্ষ করছি।’ তিনি বলেন, গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জরুরি ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করা দরকার, যা আরও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের দিকে এগিয়ে যাবে।
মার্শিয়া বার্নিকাট বলেন, ‘আমার নিয়োগ চূড়ান্ত হলে, সবচেয়ে বিস্তৃত ও ন্যায়সংগত অংশগ্রহণকে উৎসাহিত করে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ ও সব শ্রেণির বাংলাদেশির সঙ্গে কাজ করব। যেকোনো বিকাশমান গণতন্ত্রে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়টিকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের নাগরিক সমাজকে স্বাধীনভাবে কাজ করার অধিকার এবং খোলামেলাভাবে নিজেদের মতামত তুলে ধরতে তাদের সহায়তা দিয়ে যাব।গ্রামীণ ব্যাংকের অব্যাহত কার্যকারিতা নিশ্চিত করতে এবং এর অনন্য প্রশাসনিক কাঠামো সংরক্ষণ করতেও আমরা সরকারকে উৎসাহিত করছি।’
বাংলাদেশে বিভিন্ন ধরনের নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে মার্শিয়া বার্নিকাট বলেন, ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ, রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশে জবাবদিহির প্রসার এবং মানবাধিকার ও গণতন্ত্র শক্তিশালী করার প্রচেষ্টাকে সহযোগিতা করতে কঠিন পরিশ্রম করব।’
মার্শিয়া বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশে শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এখনো উচ্চ প্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে বিবেচ্য। রানা প্লাজা ধস এবং তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মতো হৃদয়বিদারক ঘটনা আর যেন না ঘটে, তা বাংলাদেশিদের নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় বাংলাদেশ তার পোশাক খাতের রূপান্তরে অগ্রগতি সাধন শুরু করেছে। বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তার উন্নয়ন ও শ্রম-অধিকারের প্রতি শ্রদ্ধা আরও জোরদার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। 
মার্শিয়া বার্নিকাট আরও বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রকে সেবা প্রদানের জন্য মনোনীত হওয়া একটি সম্মানের বিষয়।’ তিনি বলেন, জনসংখ্যার বিচারে বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র ও তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ তার নমনীয়, ধর্মনিরপেক্ষ ও বহুতাত্ত্বিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। প্রতিবছর প্রায় ৬ শতাংশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ একটি মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে। দেশটি ক্রমবর্ধমান গুরুত্ব বহনকারী বাণিজ্যিক অংশীদার ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের গন্তব্যস্থল। প্রবৃদ্ধির পথে এগিয়ে চলা ভারত ও সদ্য উন্মুক্ত হতে চলা মিয়ানমারের মধ্যে কৌশলগত ভৌগোলিক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্য সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে উপযুক্ত অবস্থানে রয়েছে দেশটি।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার স্থলাভিষিক্ত হবেন মার্শিয়া বার্নিকাট। ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন ড্যান মজীনা। ঢাকায় দায়িত্ব পালন শেষে ড্যান মজীনার চাকরি থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউসের গত ২২ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্শিয়া বার্নিকাট বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল ও গিনি বিসাউ-এ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক অধিদপ্তরে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানবিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ বিভাগে জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 
মার্শিয়া বার্নিকাট ফ্রান্স, ভারত, মরক্কো, বার্বাডোজ, মালাউয়ি, মালিসহ বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। 
১৯৮০ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মার্শিয়া বার্নিকাট।