প্রতিনিধিদলে স্থান না পাওয়ায় বিএনপির সাংসদদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে যে প্রতিনিধিদল যাচ্ছে, তাতে প্রধান বিরোধী দল বিএনপি থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সর্বদলীয় সংসদীয় দলের মতবিনিময় সভায় বিএনপির সাংসদেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।‘১৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-১৬) এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, ‘দেশ থেকে বিরাট এক প্রতিনিধিদল জলবায়ু সম্মেলনে যাচ্ছে। কিন্তু এ দলে বিএনপির কেউ নেই। কপ-১৬তে বাংলাদেশের অবস্থান কী হবে, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা সর্বদলীয় সংসদীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব।’সংরক্ষিত আসনের সাংসদ নিলুফার চৌধুরী মনি বলেন, এর আগে কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল পিকনিক করতে গিয়েছিল। তিনি ওই দলের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু সম্মেলনে অংশ নেওয়ার জন্য যে প্রস্তুতির প্রয়োজন ছিল, তা ওই দলের ছিল না।বিরোধীদলীয় সাংসদের এ বক্তব্যে মতবিনিময় সভায় তুমুল হট্টগোল শুরু হয়। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নিলুফার বানু কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল পিকনিক করতে গিয়েছিল—এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন।সরকারদলীয় সাংসদ তানভীর শাকিল বলেন, ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকলেও বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন অধিবেশনে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। সাংসদ ইস্রাফিল আলম বলেন, যাঁরা এসব আয়োজনে অংশ নিতে চান, তাঁদের উচিত হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর তথ্য সংগ্রহ করে নিজেকে প্রস্তুত করে নেওয়া।সরকারদলীয় হুইপ মুজিবুল হক জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার কথা মাথায় রেখে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।এর বাইরে আলোচকেরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।সাংসদ গিয়াসউদদীন আহমেদ বলেন, ঝুঁকিতে থাকা দেশগুলোর দাবি আদায়ে এক সুরে কথা বলতে হবে।আওয়ামী লীগের সাংসদ ননী গোপাল মণ্ডল উপকূলীয় অঞ্চল লোনা পানির প্রভাবমুক্ত রাখতে চিংড়ি চাষ বন্ধ করার আহ্বান জানান। জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল বলেন, তাঁর উপজেলায় এক বছরে ২৪টি ইটভাটা গড়ে উঠেছে। এগুলো পরিবেশদূষণ করছে কি না, তা দেখার কেউ নেই।মতবিনিময় সভায় আসন্ন সম্মেলনে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত, তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের সমন্বয়কারী আহসানউদ্দীন আহমেদ। আরও বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি সাংসদ একাব্বর হোসেন, শাহীন মনোয়ারা হক, রাশেদা বেগম হীরা, মমতাজ বেগম, নূর আফরোজ, অক্সফাম জিবির দেশীয় পরিচালক গ্যারেথ প্রাইস জোন্স প্রমুখ।