টাঙ্গাইল সদরে গতকাল শনিবার আন্তবিদ্যালয় ফুটবল খেলায় প্রতিপক্ষ দলের সমর্থকদের হামলায় মধুপুর কর্পোস খৃস্টী হাইস্কুল দলের তিন আদিবাসী খেলোয়াড় আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও কর্পোস খৃস্টী হাইস্কুলের ক্রীড়াশিক্ষক আবদুল কাদের জানান, জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তাঁদের বিদ্যালয়ের ফুটবল দল মধুপুর উপজেলায় চ্যাম্পিয়ন হয়। আদিবাসী-অধ্যুষিত এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ের ফুটবল দলের ১১ জন খেলোয়াড়ই আদিবাসী গারো সম্প্রদায়ের। তারা গতকাল জেলা পর্যায়ে সেমিফাইনাল খেলায় অংশ নিতে টাঙ্গাইলে আসে। টাঙ্গাইল পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়কে তারা দুই গোল দেয়। দ্বিতীয়ার্ধে পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় দল দুই গোল দিয়ে খেলায় সমতা আনে। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও সমর্থকেরা উল্লাস করতে করতে মাঠে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কর্পোস খৃস্টী হাইস্কুলের খেলোয়াড়দের মারধর শুরু করে। এ সময় তিনজন খেলোয়াড় আহত হয়। এদের মধ্যে হিমালয় রাংসা ও বিলাস মাংসাংকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর খেলোয়াড় জেভিয়ার মাঝিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে কর্পোস খৃস্টী হাইস্কুল দল মাঠ ত্যাগ করে চলে যায়। পরে টাঙ্গাইল পুলিশ লাইনস হাইস্কুলকে জয়ী ঘোষণা করা হয়। পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, ‘খেলার সময় কিছু উচ্ছৃঙ্খল সমর্থক মাঠে ঢুকেছিল। তবে কেউ আহত হয়েছে কি না, তা আমাদের জানা নেই। পরাজয়ের আশঙ্কায় মধুপুর কর্পোস খৃস্টী হাইস্কুল দল খেলা ছেড়ে চলে যায়।’
এ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সম্পাদক লায়লা খানম জানান, তাঁরা নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও তারা চলে গেছে। খেলায় তেমন গোলযোগ ঘটেনি। হাসপাতালে কোনো খেলোয়াড় ভর্তি হওয়ার খবরও তাঁর জানা নেই। মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, ‘ঘটনাটি আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি এবং এর বিচারের দাবি করেছি।’