প্রতিপক্ষ নেতার বিলবোর্ড দখল, সাংসদের ব্যানার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার উদ্যোগে বানানো বিলবোর্ড দখল করে একই দলীয় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আবদুল্লাহ্ আল-কায়সার নিজের ব্যানার লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাদের একটি অংশ প্রধানমন্ত্রীর জনসভায় যোগ না দিয়ে সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আড়াইহাজার উপজেলায় জনসভায় যোগ দেওয়া উপলক্ষে কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে ও মদনপুর প্রভাকরদী সড়কের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিলবোর্ড, তোরণ ও ফেস্টুন তৈরি করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, সাংসদ আবদুল্লাহ্ আল-কায়সার রাতে উপস্থিত থেকে তাঁর লাগানো তোরণ ও বিলবোর্ড দখল করে নিজের ব্যানার ও ফেস্টুন লাগান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সভায় যোগ দেননি।
গতকাল সকালে নেতা-কর্মীরা একত্র হয়ে প্রতিবাদ সভা করে সাংসদ কায়সারের বিচার দাবি করেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আবদুল্লাহ আল-কায়সার বলেন, ‘আমি কারও বিলবোর্ড ও ফেস্টুন ছিঁড়ে দখল করিনি। অন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।’
সাংসদ কায়সারের একসময়ের ঘনিষ্ঠ সহচর মাহফুজুর রহমানের সঙ্গে দুই বছর ধরে নানা বিষয়ে দ্বন্দ্ব চলছে। এরই মধ্যে তাঁদের দুই পক্ষে একাধিক সংঘর্ষ ও মামলা হয়েছে।