প্রতিপক্ষ ভেবে পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত কনস্টেবল সুমন পালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দুই পক্ষের মহড়া থামাতে গিয়ে শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপাশা খেয়াঘাট ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।এ ঘটনায় লোহাগড়া থানার এসআই মীর মনিরুজ্জামান বাদী হয়ে চারজনসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন: কুন্দশী গ্রামের আশিক (২০), মঙ্গলহাটা গ্রামের আমিনুর (৩০) ও ধলইতলা গ্রামের রমজান (২৮)।চিকিৎসাধীন এএসআই সোহেলা রানা জানান, দুই পক্ষের মহড়া থামাতে ১০-১২ জন পুলিশ সদস্য সাদা পোশাকে থানা থেকে খেয়াঘাট ব্রিজের ডান দিকে মোড় নিলেই একটি পক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এরপর পুলিশের সঙ্গে তাদের কিছুক্ষণ সংর্ঘষ হয়। পরে তারা পালিয়ে যায়। তিনি বলেন, ‘আমরা সাদা পোশাকে থাকায় তারা প্রতিপক্ষের লোক মনে করে হয়তো হামলা চালিয়েছে।’পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়া পৌরসভার কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম খানের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সদরুদ্দিন শামীমের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ লোহাগড়া বাজারে মহড়া দেয়। এ সময় পুলিশের ওপর হামলা হয়।সদরুদ্দিন শামীম দাবি করেন, মোজাম খানের লোকজন প্রতিপক্ষের লোক মনে করে পুলিশের ওপর হামলা চালিয়েছে। মোজাম খান বলেন, ‘শামীম পক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব খান বলেন, ‘কোন পক্ষ হামলা চালিয়েছে, তা বলতে পারব না।’