প্রতিপক্ষকে ঘায়েল করতে নয় ঘণ্টার মধ্যে দুই খুন?
হবিগঞ্জের লাখাইয়ে গত ২৫ নভেম্বর নয় ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তি খুন হন। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এসব হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষে মালেক পক্ষের একজন নিহত হওয়ার পর ওই পক্ষকে ঘায়েল করতে জলিল মিয়া পক্ষ একই গ্রামের আবদুল আজিজকে হত্যা করে। আবদুল আজিজ (৪০) জলিল পক্ষের আবদুল কাইয়ুমের আপন ভাই।
এলাকার কয়েকজন ও আজিজের স্ত্রীর বিবরণ অনুযায়ী, নোয়াগাঁও গ্রামে আবদুল আজিজকে ২৫ নভেম্বর রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তখন আজিজকে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর নয় ঘণ্টা আগে সংঘর্ষে একই গ্রামের শাহেদ মিয়া (৫৫) নিহত হন। ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দুই সদস্য জলিল মিয়া ও মালেক মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। নিহত শাহেদ মিয়া ছিলেন মালেক মিয়ার ভাই। শাহেদ মিয়া খুনের ঘটনায় তাঁর আরেক ভাই আলী নেওয়াজ বাদী হয়ে ২৭ নভেম্বর লাখাই থানায় একটি মামলা করেন। এ মামলায় জলিল মিয়াকে প্রধান আসামি এবং আজিজের ভাই আবদুল কাইয়ুমসহ ৪৩ জনকে আসামি করা হয়। অন্যদিকে আজিজ হত্যার ঘটনায় তাঁর ভাই আবদুল কাইয়ুম বাদী হয়ে ১ ডিসেম্বর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় শাহেদ মিয়ার ভাতিজা ইকবাল আহমেদসহ ৪৬ জনকে আসামি করা হয়।
এদিকে আজিজ খুন হওয়ার পর তাঁর স্ত্রী ফায়েজা খাতুন ও দুই সন্তানকে শ্বশুরবাড়ির লোকজন লুকিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া যায়। ফায়েজার বাবা হিরাজ মিয়া এ বিষয়ে ১ ডিসেম্বর লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি মেয়ে ও নাতিদের উদ্ধারের দাবি জানিয়ে জলিল মিয়া, আবদুল কাইয়ুমসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। লাখাই থানার পুলিশ আবদুল কাইয়ুমকে আটক করে। পরে ফায়েজাকে ছেড়ে দেওয়া হয়। ফায়েজা দুই সন্তানকে নিয়ে ২৪ ডিসেম্বর হবিগঞ্জ আমলি আদালতে হাজির হন। আদালত ওই দিন ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
ফায়েজা আদালতকে জানান, তাঁর স্বামী রিকশাচালক আবদুল আজিজ সরল প্রকৃতির ছিলেন। ২৫ নভেম্বর রাতে আজিজ গ্রামের পাশে বামৈ এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যান। রাতেই তিনি (ফায়েজা) জানতে পারেন, ওয়াজ মাহফিল থেকে তাঁর স্বামীকে গ্রামের জলিল মিয়া ফোন করে ডেকে নিয়ে হত্যা করেন। তিনি হাসপাতালে গিয়ে স্বামীর লাশ দেখে অচেতন হয়ে পড়েন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নানা কৌশলে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আটকে রাখেন।
২৯ ডিসেম্বর ফায়েজা খাতুন বাদী হয়ে হবিগঞ্জ আমলি আদালতে স্বামী হত্যার মামলা করেন। এ মামলায় তিনি জলিল মিয়া, আবদুল কাইয়ুমসহ ১৪ জনকে আসামি করেন। আদালত শুনানি শেষে ৯ জানুয়ারি লাখাই থানাকে মামলাটি গ্রহণ করতে নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত জলিল মিয়া বলেন, ‘ফায়েজা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। কারণ, আজিজ প্রতিপক্ষের আক্রমণেই প্রাণ হারিয়েছেন।’
আবদুল আজিজ হত্যার ঘটনায় দুটি মামলা হওয়ায় লাখাই থানার পুলিশ আইনি প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরে। এর পরিপ্রেক্ষিতে আদালত ফায়েজা খাতুনের করা মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, আধিপত্য নিয়ে নোয়াগাঁও গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে তদন্ত করে ফায়েজা খাতুনের অভিযোগের অনেকটা সত্যতা পাওয়া গেছে।