প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলা!
বরগুনার বামনা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, আর্থিক লেনদেন কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার সঙ্গে কথাকাটাকাটির জের ধরে দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ এনে এই মিথ্যা মামলা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম মৃধা। তিনি স্থানীয় ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।মামলার প্রধান আসামি আজাদের মা রানী বেগমের অভিযোগ, কামরুল ইসলাম আত্মীয়দের জমি বন্ধক রেখে কয়েক মাস আগে তাঁর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা ধার নেন। পরে জানতে পারেন ওই জমি অন্যের কাছে বিক্রি করা হয়েছে। এরপর অনেক দিন পার হলেও কামরুল মৃধা টাকা ফেরত না দেওয়ায় এ নিয়ে কয়েক দফা বাগিবতণ্ডা হয়। ৩০ জুলাই স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সালিসি বৈঠকের একপর্যায়ে আজাদের সঙ্গে তর্কে লিপ্ত হয় কামরুলের লোকজন। একপর্যায়ে আজাদকে মারধর করা হয়। পরদিনই আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মান্নান হাওলাদার বামনা থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন।কামরুল মৃধা আজাদের পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে আজাদ বর্তমান সরকারের নানা দিক নিয়ে বিতর্কিত মন্তব্য করছিল। জিজ্ঞেস করায় সে ক্ষিপ্ত হয়, এতে তিনি তাকে কয়েকটি চড় মারেন। পরদিন আওয়ামী লীগ কার্যালয়ে সালিসের আগেই আজাদের নেতৃত্বে তাদের ওপর হামলা ও কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। সরকারি স্থাপনায় দলীয় কার্যালয় বানানো প্রসঙ্গে তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমেই এটা করা হয়েছে।মামলা প্রসঙ্গে বামনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনসার উদ্দীন বলেন, বিষয়টি নিয়ে বাদীপক্ষের সঙ্গে কথা হয়েছে। বিবাদীপক্ষের কাউকে এলাকায় পাওয়া যায়নি। তারপরও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।