প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলাই তাঁর অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানেই বিরোধপূর্ণ জমি, সেখানেই তিনি। এক পক্ষের কাছ থেকে জমি কিনে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। আর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধেও মামলা করেন।

তাঁর নাম তরিকুল ইসলাম। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে। অভিযোগ রয়েছে, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে জামায়াত–দলীয় তৎকালীন সাংসদের প্রশ্রয় পেয়েছেন। এখন আছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদের ছত্রচ্ছায়ায়।

ভুক্তভোগী ব্যক্তিদের মধ্যে আছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শহরের নামোশংকরবাটি এলাকায় জমি নিয়ে ইসরাইল নামের এক ব্যক্তির সঙ্গে আমার মামলা চলছিল। জমি আমার ভোগদখলে ছিল। ২০১৪ সালের ডিসেম্বরে ইসরাইলের কাছ থেকে তরিকুল ওই জমি কেনেন। গত জানুয়ারিতে আমার জমি দখল করেন। এ নিয়ে মামলা বিচারাধীন আছে।’

সাইদুর রহমান আরও বলেন, এরপর ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁর (সাইদুর) দুই ভাই ও এক ভাতিজার বিরুদ্ধে তরিকুল মামলা করেন। ওই মামলায় তাঁকেও আসামি করতে চেয়েছিলেন। কিন্তু ওই দিন তিনি আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করছিলেন। এ কারণে পুলিশ তাঁর নাম মামলায় অন্তর্ভুক্ত করেনি।

পৌর মেয়রের জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তরিকুল বলেন, ‘ওই জমি আমি আগে কিনেছিলাম। মামলার রায় আমার পক্ষে এসেছে। উচ্চ আদালতে তাঁদের পক্ষে রায় গেলে তাঁরা জমি নিয়ে নেবেন।’

>চারদলীয় জোট সরকারের আমলে জামায়াত–দলীয় তৎকালীন সাংসদের প্রশ্রয় পেয়েছেন। এখন আছেন আওয়ামী লীগের সাংসদের ছত্রচ্ছায়ায়

আরেক ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা মানিকরা গ্রামের কলেজশিক্ষক নিজাম উদ্দিন। তিনি বলেন, গ্রামের ১২ বিঘা জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তাঁর মামলা চলছে। এ বিষয়ে আদালত ‘স্থিতাবস্থা’ জারি আছে। এই প্রেক্ষাপটে তরিকুল গত বছর তাঁর চাচাতো ভাইদের কাছ থেকে ওই জমি লিখে নেন এবং তাতে পুকুর খনন করেন। এ ছাড়া এলাকার আরও তিনটি খাস পুকুর তিনি দখল করেছেন। এ ঘটনায় তিনি গত বছরের ৬ মে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কোনো তদন্ত না হওয়ায় গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এর মধ্যে পুকুর খননের সময় তাঁর দুই বিঘা জমির ফসল নষ্ট করা হয়।

নিজাম উদ্দিন আরও বলেন, কয়েক মাস আগে নাচোল উপজেলার দক্ষিণ সগুনা গ্রামের ব্রজেন কুমার দেবনাথকে তরিকুলের দুই ঘনিষ্ঠ সহযোগী পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। ব্রজেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেও ভয়ে মামলা করতে পারেননি।

বিরোধপূর্ণ কোনো জমি কেনেন না দাবি করে তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি বিরোধপূর্ণ জমি কিনেছি, কেউ প্রমাণ করতে পারলে ওই জমি ছেড়ে দেব।’

তরিকুল পুকুর খনন করায় মানিকরা গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ২০–২৫ বিঘা জমি দু-তিন ফুট পানির নিচে থাকায় জমির মালিকেরা দুই বছর থেকে আবাদ করতে পারছেন না। এ-সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য গত ২৬ আগস্ট ওই গ্রামে গেলে প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য আলি উজ্জামান, ঢাকার খোলা কাগজ–এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আবদুর রব ও ক্ষুদ্র জাতিসত্তার নেতা বঙ্গপাল সরদারের ওপর তরিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ইকবাল হোসেন ও গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল লোক হামলা করে। এ ঘটনায় আনোয়ার হোসেন তরিকুলসহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ ছাড়া ওই হামলার প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী কুটিলা রাজোয়ার অভিযোগ করেন, যে জমিতে তাঁদের কয়েক প্রজন্মের বাস, সেই জমি ও পুকুর থেকে উচ্ছেদ করতে না পেরে তরিকুল ও তাঁর অনুগত লোকজন একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তাঁদের পক্ষে কথা বলায় প্রতিবেশী রফিকুল ইসলাম নামের এক কৃষকের স্ত্রীসহ তাঁর তিন ছেলেকে একাধিক মামলায় আসামি করা হয়েছে। এমনকি রফিকুলের প্রবাসী ছেলেকেও একাধিক মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে দিনদুপুরে ব্যস্ত আমনুরা-নাচোল সড়কে গাড়ি থেকে তরিকুলকে নামিয়ে মারধরসহ তাঁর কাছ থেকে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

কুটিলা রাজোয়ার আরও বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত তাঁদের বিরুদ্ধে এ রকম হয়রানিমূলক সাতটি মামলা করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় দৈনিক জনকণ্ঠ–এর রাজশাহীর আলোকচিত্রী সেলিম জাহাঙ্গীরকেও আসামি করা হয়েছে। এ ছাড়া পুকুরে বিষ দিয়ে মাছ নিধন ও তাঁর পাহারাদারকে মারধরে অভিযোগ এনে একটি মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক আনোয়ার হোসেনকেও।

এ ছাড়া আনোয়ার হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে সংবাদ প্রকাশ করে তাঁর (তরিকুল ইসলাম) মানহানি ঘটানোর অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতে (ক অঞ্চল) মামলা করেছিলেন তরিকুল। অবশ্য আদালত মলাটি খারিজ করে দিয়েছেন।

গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মুঠোফোনে জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, ‘ওরা আমার কাছে চাঁদা চেয়েছলে। তাই মামলা করেছিলাম।’ ওই মামলা আদালত খারিজ করে দেওয়ার কথা জানালে তিনি বলেন, ‘আবার মামলা করেছি। আদালতে গিয়ে খোঁজ নিতে বলেন।’

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, তরিকুল ইসলাম ছিলেন বিএনপি ঘরানার ব্যবসায়ী। এখন চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের সাংসদ আবদুল ওদুদের খুবই ঘনিষ্ঠ।

জানতে চাইলে তরিকুল বলেন, ‘আমি ২০০১ সালের পর থেকে আওয়ামী লীগ করছি। এর আগে ছাত্রজীবনে জাসদের রাজনীতিতে যুক্ত ছিলাম। জামায়াতের রাজনীতি করার প্রশ্নই ওঠে না। আর ব্যবসায়ী হিসেবে ক্ষমতাসীন সব দলকেই চাঁদা দিতে হয়।’