বিশ্ববিদ্যালয়ের অপহূত সেই ছাত্রী ফিরে এসেছেন। তাঁর অপহূত হওয়া, মায়ের মামলা দায়ের এবং তাঁর ফিরে আসার ঘটনায় বেশকিছু অসংগতি পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। বাদীপক্ষের লোকজনের আচরণও সন্দেহজনক মনে হয়েছে কর্মকর্তাদের কাছে। তাঁদের ধারণা, ব্যবসায়িক প্রতিপক্ষকে ফাঁসাতে ওই ছাত্রীকে ব্যবহার করে কোনো নাটক সাজানো হতে পারে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।মেয়েকে অপহরণের অভিযোগে তাঁর মা চারজনকে আসামি করে গতকাল দুপুরে শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় মামুন (২৮), আইজুল (২৯), শাকিল (২৭) ও আদিকে (২৬) আসামি করা হয়েছে। গত বুধবার সকালে ওই ছাত্রীকে ফুলবাড়িয়া এলাকা থেকে অপহরণ করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়।তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহজাহান জানান, গত বৃহস্পতিবার রাতে অপহূতা নিজেই নানাবাড়িতে ফিরে যান। এরপর তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। গতকাল তাঁকে মায়ের হেফাজতে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আপাতদৃষ্টিতে মেয়েটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।তবে মামলার বাদী ছাত্রীর মা গতকাল প্রথম আলোকে বলেন, সে এখন খুব অসুস্থ। তাঁকে অপহরণকারীরা অনেক মারধর করেছে। তবে তাঁকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি, বাসাতেই রাখা হয়েছে। তিনি জানান, মামলার চার আসামির মধ্যে তিনজনই অপহরণে জড়িত ছিল। তবে চার নম্বর আসামি আদি (গ্রেপ্তার হওয়া) জড়িত ছিল না।অপহরণের কারণ সম্বন্ধে বাদী বলেন, মান্নান ম্যানশন মার্কেটের একটি দোকান নিয়ে সমস্যা চলছিল। এর জের ধরেই মামুনসহ অন্যরা তাঁকে অপহরণ করে। জড়িত না থাকার পরও আদিকে কেন আসামি করলেন—প্রশ্ন করার পর ছাত্রীর মা বলেন, ‘আমি এখন খুব অসুস্থ। তিন দিন ধরে ঘুমাই না। পরে ফোন কইরেন।’ এদিকে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলায় ফুলবাড়িয়া এলাকা থেকে ছাত্রী অপহরণ করা হয়েছে বলে উল্লেখ করা হলেও পুলিশ নিশ্চিত হয়েছে যে সেখানে এ ঘটনা ঘটেনি। ছাত্রীটি সিদ্দিকবাজারের বাসা থেকে বের হয়ে প্রথমে কাপ্তানবাজার, তারপর মতিঝিল ও পরে মগবাজার এলাকায় যান। গত দুই দিনের বেশির ভাগ সময় তিনি সেখানেই ছিলেন। কর্মকর্তারা বলছেন, ওই ছাত্রী মুঠোফোনের ব্যবহূত সিম খুলে অন্য একটি সিম লাগিয়ে বন্ধুদের সঙ্গে যোগাযোগও করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। পুলিশ আদি নামে যে আসামিকে গ্রেপ্তার করেছে, তাঁর সঙ্গে ওই ছাত্রী একাধিকবার কথা বলেছেন। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় আদিকে গ্রেপ্তারও করে। তবে এখন বাদী বলছেন, আদি এ ঘটনায় জড়িত ছিলেন না। খোঁজ নিয়ে জানা গেছে, যে চারজনকে মামলায় আসামি করা হয়েছে, তাঁদের পরিবারের সঙ্গে ছাত্রীর পরিবারের ব্যবসা ও সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে।পুলিশ জানায়, ছাত্রীর মা নানাভাবে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি উদ্ধারের পর তাঁর ডাক্তারি পরীক্ষাও করতে দেননি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাঁকে মায়ের জিম্মায় দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ছাত্রীটি পুলিশকে জানিয়েছেন, অজ্ঞাত অপহরণকারীরা তাঁকে বুধবার সকালে কাঁটাবন এলাকা থেকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।