প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের অপহরণের মামলায় ফাঁসাতে চেয়েছিলেন এক যুবক। এ জন্য স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে থাকেন এক মাস। পরে জামালপুর রেলস্টেশনে পুলিশের হাতে আটক হন তিনি। তাঁর নাম রিয়াজউদ্দিন (২২)। গতকাল মঙ্গলবার নগরের বন্দর থানায় এক সংবাদ সম্মেলনে আটক ওই যুবককে হাজির করে পুলিশ। তিনি নগরের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহরের জাফর আহম্মেদের ছেলে। পুলিশ রিয়াজকে গত সোমবার জামালপুর রেলস্টেশন থেকে উদ্ধার করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্থানীয় নাইম উদ্দিন মাহবুব ও রকিবুল হাসানসহ কয়েকজনের সঙ্গে রিয়াজের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ আছে। গত ২৬ মার্চ রিয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা নাইম উদ্দিনসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এতে নাইম উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হয়। নাইম উদ্দিনের মাথার বাম পাশে গুরুতর আঘাত পাওয়ায় তাঁর শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গেছে। এ ঘটনায় রিয়াজের পরিবারের পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়।’ ওসি জাহেদুল ইসলাম আরও বলেন, ‘ওই মামলায় জামিনে বেরিয়ে এসে গত ১৭ জুন রিয়াজ পালিয়ে যান। এরপর উল্টো মামলার বাদী ও সাক্ষীসহ সাতজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন রিয়াজের বাবা জাফর আহম্মেদ।’ বন্দর থানা সূত্র জানায়, ওই ঘটনার পর রিয়াজের পরিবারের সদস্যরা অপহরণকারীদের গ্রেপ্তারের বিষয়ে নির্দেশনা চেয়ে আদালতের আশ্রয় নেয়। অপহরণকারীদের হাজির করতে আদালত বন্দর থানার পুলিশকে নির্দেশ দেয়। ওই সাজানো অপহরণ মামলার আসামি নাইম উদ্দিন গতকাল মঙ্গলবার বন্দর থানায় প্রথম আলোকে বলেন, ‘অপহরণ মামলার পর আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। পরে থানায় এসে পুলিশকে পুরো ঘটনা খুলে বলি।’ ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘রিয়াজের মুঠোফোনের কল তালিকা থেকে জানতে পারি, সে একই মুঠোফোন থেকে তিনটি সিম পালাক্রমে ব্যবহার করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াজকে উদ্ধার করতে আমরা গত শনিবার ঢাকায় যাই। সেখানে কাফরুলের একটি বাসায় রিয়াজের জামাকাপড় ও আশ্রয়দাতা আতিকুর রহমানের সন্ধান পাই।’ আতিকুর রহমান বলেন, ‘রিয়াজ আমার বন্ধুর আত্মীয়। নয়ন পরিচয় দিয়ে সে কয়েক দিন আমার বাসায় ছিল। তাঁর ঢাকা যাওয়ার কারণ জানতে পেরে আমি তাঁকে বাসা থেকে চলে যেতে বলি।’ পরে আতিকের সহায়তায় রিয়াজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জামালপুর রেলস্টেশন থেকে রিয়াজকে আটক করে পুলিশ। আটক রিয়াজ জানান, গত এক মাসে তিনি ঢাকার কাফরুল, নিউ ডিওএইচএস, দেওয়ানগঞ্জ ও জামালপুরে লুকিয়ে ছিলেন। লুকিয়ে থেকে মিথ্যা অপহরণ নাটক সাজানোর বিষয়ে রিয়াজ বলেন, ‘আমার ভাই বাদশার পরামর্শে আমি লুকিয়ে ছিলাম। এখন পাপের শাস্তি ভোগ করছি।’ ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘রিয়াজের বাবা জাফর আহম্মেদ মিথ্যা মামলা দায়ের করেছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রিয়াজ লুকিয়ে থেকে অপহরণ মামলায় সহযোগিতা করেছে। এ কারণে রিয়াজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’