প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে
স্ত্রীর করা নারী নির্যাতন মামলা থেকে বাঁচতে এবং মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের ফয়সাল আলমকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। সাত মাস ভারতে লুকিয়ে থাকার পর গত বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশে আসেন।পরের দিন শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অপহরণের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলার দুই আসামি তাঁর স্ত্রীর ভাই আবদুল জলিল ও ইমরান হোসেনকেও গ্রেপ্তার করা হয়।পুলিশ হেফাজতে ফয়সাল আলম জানান, নির্যাতনের অভিযোগে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর ফয়সালের স্ত্রী জেসমিন সুলতানা তাঁর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা থেকে বাঁচতে এবং প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে ফয়সালের মা-বাবা তাঁকে ভারতে চলে যেতে বলেন। তাঁদের কথামতো সাত মাস আগে ফয়সাল ভারত চলে যান। এরপর ২০১১ সালের ১ ডিসেম্বর ফয়সালের বাবা রফিকুল ইসলাম তাঁর (ফয়সাল) দুই শ্যালক আবদুল জলিল ও ইমরান হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন। গত বৃহস্পতিবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ীর সহযোগিতায় হাড়দ্দাহ সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে আসেন। মিথ্যা অপহরণ মামলার আসামি কালীগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের আবদুল জলিল ও ইমরান হোসেন জানান, ফয়সাল ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছেন—বিষয়টি নিশ্চিত হয়ে দেবহাটা থানাকে জানানো হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় কয়েকজন গরু ব্যবসায়ীর সহযোগিতায় কৌশলে ফয়সালকে হাড়দ্দাহ সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন তাঁরা।দেবহাটা থানার ওসি কাজী আবু দাউদ জানান, রফিকুল ইসলামের দায়ের করা অপহরণ মামলাটি সাজানো বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ফয়সালের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকেসহ অপহরণ মামলার আসামি আবদুল জলিল ও তাঁর ভাই ইমরান হোসেনকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।