প্রতিপক্ষকে ফাঁসাতে খুন করা হয় পরীমালাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রাম থেকে গত বৃহস্পতিবার উদ্ধার করা অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম পরীমালা (২৪)। তিনি শরীয়তপুরের পালং উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের সোবাহান মুন্সির মেয়ে ও রাজধানীর খিলগাঁও এলাকায় একটি বুটিকের দোকানে কাজ করতেন।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে একটি হাতব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে একটি কাগজে বাবা লেখা মুঠোফোনের নম্বরে ফোন করে আমরা নিহত নারীর নাম ও পরিচয় জানতে পারি।’
সোবাহান মুন্সি জানান, গত মঙ্গলবার থেকে মেয়ের সঙ্গে তাঁদের যোগাযোগ বন্ধ ছিল। পুলিশের ফোন পেয়ে তিনি শুক্রবার মঠবাড়িয়া থানায় এসে মেয়েকে শনাক্ত করেন। দেড় বছর আগে ঝালকাঠির বাবুল শিকদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাবুল কাতারে আছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, ধানীসাফা গ্রামের কবির হাওলাদার ও রুস্তম হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। রুস্তম হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৪) ও তাঁর স্ত্রী পারভীন বেগম (৪২) ঘটনার দু-এক দিন আগে পূর্বপরিচয়ের সূত্র ধরে পরীমালাকে ফুসলিয়ে ঢাকা থেকে ধানীসাফা গ্রামে নিয়ে আসেন। বুধবার রাতে স্থানীয় কতিপয় ব্যক্তির যোগসাজশে তাঁরা পরীমালাকে হত্যা করে লাশ কবির হাওলাদারের টয়লেটে ফেলে রাখেন। ভোরে কবির হাওলাদার টয়লেটে গিয়ে লাশ দেখে স্ত্রীকে নিয়ে লাশটি রুস্তমের বাড়ির পাশের একটি নালায় ফেলে রাখেন। এ ঘটনায় বৃহস্পতিবার উপপরিদর্শক আজিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই ফারুক হোসেন জানান, পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে রুবেল হাওলাদার ও তাঁর স্ত্রী পারভীন বেগমকে গ্রেপ্তার করেছে। তবে লাশ সরানোর অভিযোগে কবির হাওলাদারের স্ত্রী শিউলী বেগমকেও (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।