প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে
প্রতিপক্ষের দোকানে ফেনসিডিল রেখে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন এক ব্যক্তি। র্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি রাজশাহীর বাগমারার বানাইপুর গ্রামের লোকমান আলীর ছেলে। র্যাব বাগমারা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার জানান, উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী কলেজশিক্ষক আতাউর রহমান দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করছেন বলে তাঁদের কাছে খবর আসে। গত শুক্রবার রাতে খবর পেয়ে র্যাবের একটি দল হাটগাঙ্গোপাড়া বাজারে যায়। এ সময় বানাইপুর গ্রামের শহিদুল ইসলাম কলেজশিক্ষক আতাউর রহমানের দোকান দেখিয়ে দিয়ে সেখানে ফেনসিডিল থাকার কথা জানান। তাঁর দেওয়া তথ্য মোতাবেক র্যাবের সদস্যরা আতাউর রহমানের দোকানে অভিযান চালান। এ সময় র্যাব তাঁর দোকান থেকে কাগজে মোড়ানো অবস্থায় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। দোকানে ফেনসিডিল রাখার অপরাধে আতাউর রহমানকে র্যাব আটক করে। পরে এলাকার লোকজনের দেওয়া তথ্য এবং তদন্তে ঘটনাটি র্যাবের কাছে রহস্যজনক মনে হয়। তারা তথ্য দাতা শহিদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে শহিদুল র্যাবের কাছে ঘটনাটি তাঁর সাজানো বলে স্বীকার করলে র্যাব তাঁকে আটক করে এবং আতাউর রহমানকে ছেড়ে দেয়। র্যাবের জিজ্ঞাসাবাদে শহিদুল জানান, প্রতিবেশী আতাউর রহমানের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ ছিল। সেই ক্ষোভে তিনি দোকানে ফেনসিডিল রেখে তাঁকে ধরিয়ে দিয়েছেন। আতাউর জানান, শুক্রবার বিকেলে দোকান খোলার পর তিনি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। ওই সুযোগে তাঁর দোকানে ফেনসিডিল রাখা হতে পারে বলে জানিয়েছেন। ঘটনার রাতেই র্যাব শহিদুলকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে পুলিশ তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গতকাল শনিবার তাঁকে জেলহাজাতে পাঠানো হয়েছে।