প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে অস্ত্র ও গুলি দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে তবারক উল্লাহ নামের এক ব্যক্তি নিজেই ফেঁসে গেছেন। পুলিশ তবারক উল্লাহ ও তাঁর ভাতিজাকে গ্রেপ্তার করেছে। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বাসিন্দা তবারক উল্লাহর দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার ২০ দিন আগে একই এলাকার বাদশাহ মিয়ার সঙ্গে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় তাঁদের সন্ধান পাওয়া যায়। তবারক ও তাঁর ভাতিজা আক্তার হোসেন গতকাল সকালে সেখানে গিয়ে বাদশাহ ও পারভিনকে ধরে তবারকের বাড়িতে নিয়ে আসেন। বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে তবারকের আত্মীয়স্বজনেরা বাদশাহকে মেরে গুরুতর আহত করে। বিকেলের দিকে একটি দেশীয় বন্দুক ও দুটি গুলিসহ বাদশাহকে পুলিশের হাতে তুলে দেয় তারা। কিন্তু পুলিশ লোকজনের কাছে প্রকৃত ঘটনা শোনার পর অস্ত্র ও গুলি দেওয়ার অভিযোগে তবারক ও তাঁর ভাতিজা আক্তারকেই উল্টো গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি বাদশাহ ও পারভিন আক্তারকেও গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, অস্ত্র ও গুলি ধরিয়ে দিয়ে ডাকাত সাজিয়ে তবারক তাঁর প্রতিপক্ষ বাদশাহকে ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু প্রকৃত ঘটনা প্রকাশ পাওয়ায় তবারকই ফেঁসে গেছেন। তবে তবারক ও তাঁর পরিবারের লোকজনের পক্ষ থেকে পারভিন ও বাদশাহর বিরুদ্ধে স্বর্ণ, অর্থ ও মুঠোফোন লুটের অভিযোগ করা হলে তাঁদেরও আটক করা হয়।