প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে...
যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে বাবা তাঁর ছেলে খুন হওয়ার মিথ্যা কাহিনি সাজিয়ে মামলা করেন। এর ১০ দিন পর ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় নিজেরাই ফেঁসে গেলেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল রাতে মির্জানগর বাঁওড়ের টংঘরে আবু সুমাই মাসুম খুন হয়েছেন বলে প্রচার করা হয়। ওই টংঘরে মাসুমের ব্যবহূত বালিশ, পাটি ও স্যান্ডেলে রক্ত মাখানো পাওয়া যায়। পরদিন ২৯ এপ্রিল মাসুমের বাবা স্থানীয় ইউপি সদস্য আবদুস সাত্তার তাঁর ছেলেকে অপহরণ করে হত্যা ও লাশ গুম করার অভিযোগে ১৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। এ মামলায় কামরুল শেখ নামের একজন গ্রেপ্তারও হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনা সন্দেহজনক হওয়ায় পুলিশ রহস্য উদ্ঘাটনে ২ মে মাসুমের ভায়রা সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাঠি গ্রামের কামাল হোসনকে গ্রেপ্তার করে। ৩ মে যশোরের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে কামাল ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন, ঘটনার দিন রাতে মাসুম তাঁকে মুঠোফোনে কলারোয়া সেতুর ওপর ডেকে নিয়ে তাঁকে ভারতে পৌঁছে দিতে বলেন। তিনি তাঁকে কেওড়াগাছী সীমান্তে নিয়ে যান এবং সেখানে গিয়ে দেখেন, মাসুমের বাবা আবদুস সাত্তার দাঁড়িয়ে আছেন। মাসুম ভারতে পৌঁছে তাঁকে মুঠোফোনে ঠিকঠাক মতো যাওয়ার কথা নিশ্চিত করেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে খুন হওয়ার মিথ্যা কাহিনি সাজিয়েছেন বলে মাসুম ভারতে যাচ্ছে—এ কথা কাউকে না বলতে তাঁরা নিষেধ করে দেন। এদিকে গত রোববার রাতে কেশবপুর থানার পুলিশ মাসুমকে ত্রিমোহিনী বাজার থেকে গ্রেপ্তার করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউর রহমান রেজা বলেন, ‘মাসুমকে কৌশলে ফোন করে ভারত থেকে ফিরিয়ে এনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। এখন আবদুস সাত্তার ও তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশ মামলা করবে।’১৯৭২ সালে মির্জানগর গ্রামের ১৬ একর ৮৫ শতক জমির বাঁওড় একই গ্রামের আবদুর রশিদের কাছ থেকে কেনেন মোমিন বখস, কাওছার বিশ্বাস ও শেখ মুজিবুর রহমান। এই জমি খাস খতিয়ানভুক্ত করায় এ নিয়ে আদালতে মামলা চলছে। এদিকে এই জমি ২০১০ সালে জাহানপুর গ্রামের সাধন সরকার ইজারা নিয়ে মির্জানগর গ্রামের আবদুস সাত্তারের কাছে সাব-লিজ দেন। এরপর সাত্তার ওই বাঁওড়ে মাছ চাষ করছেন। এ নিয়ে জমির দাবিদারদের মধ্যে বিরোধ চলে আসছে।