প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বন্ধু জাব্বারুলকে আমবাগানে নিয়ে তাঁরা ছয়জন মিলে খুন করেছেন। জাব্বারুলের বন্ধু মুহিত গত শনিবার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।মুহিতের (৪২) বাড়ি মুজিবনগর উপজেলার মানাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামে। জাব্বারুলের বাড়িও একই গ্রামে। পুলিশ ও র্যাবের ভাষ্যমতে, মুহিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য। তাঁর বিরুদ্ধে মুজিবনগর থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও বোমা হামলার ঘটনার ১৭টি মামলা আছে।মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কর্মী জাব্বারুলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই পরদিন হত্যা মামলা করেন।র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের চাঁদ আলীর বাড়ি থেকে অস্ত্র, গুলি, বোমাসহ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর মুহিত র্যাবকে হত্যা, চরমপন্থীদের তৎপরতাসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তাঁকে আদালতে হাজির করা হয়। শনিবার মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুহিত জানান, জাব্বারুলকে ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় রশিকপুর গ্রামের বালুর মাঠের রফিকুলের শিশুবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই গ্রামের আনারুল ইসলাম, ছোট খোকা, জয়নাল ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা জনযুদ্ধের শীর্ষ নেতা জামু ও আকরাম উপস্থিত ছিল।দলের পূর্বপরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী প্রতিপক্ষ সুরুজ গ্রুপকে ফাঁসাতে তাঁরা সবাই মিলে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে জাব্বারুলকে খুন করেন। শেষে তাঁরা লাশের পাশে একটি বোমা, কাপড়, ধারালো অস্ত্র ফেলে রেখে দেন। পরদিন হত্যাকাণ্ডটি প্রতিপক্ষ সুরুজ গ্রুপ করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।মুহিত সাংবাদিকদের জানান, তিনি কুদ্দুস গ্রুপের প্রধান কুদ্দুসের চাচাতো ভাই। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করলেও গোপনে চরমপন্থী জামু ও আকরামের নেতৃত্বে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) করেন। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির নেতা সুরুজ আলীর বাহিনী তাঁদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা তাঁদের নেতা। তিনিই তাঁদের শেল্টার দিতেন।রফিকুল ইসলামের দাবি, জাব্বারুল ও মুহিত দুজনই আওয়ামী লীগের কর্মী। তাঁদের সন্ত্রাসীকাজে তিনি কখনই কোনো প্রশ্রয় দেননি।র্যাব কমান্ডার সাজ্জাদ রায়হান জানান, মুহিতকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মুজিবনগর উপজেলায় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড, সংঘর্ষ ও চরমপন্থীদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাঁর কাছ থেকে আরও গোলাবারুদ উদ্ধারের চেষ্টা ছিল র্যাবের। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-আইন শৃঙ্খলা) জিয়াউল আলম জানান, মুহিতের বিরুদ্ধে ১৭টি মামলা আছে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মুহিত জাব্বারুলকে হত্যা করার দায় স্বীকারসহ চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন। তাঁকে জাব্বারুল হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।