প্রতিপক্ষকে ফাঁসাতে বিউটিকে গণধর্ষণের পর হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিউটি খাতুন হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা আসলাম হোসেন এবং ভাড়াটে খুনি বাচ্চু প্রামাণিক। বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু রায়হান ওই জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দি দেওয়ার আগে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা গ্রামের বাসিন্দা আসলাম হোসেন পুলিশের কাছে নিজেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে দাবি করেন। বিউটি বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকায় ভাড়া থাকতেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এসএসপি) গাজিউর রহমানের ভাষ্যমতে, ২৩ আগস্ট নন্দীগ্রাম সদর ইউনিয়নের কইডালা ও উত্তর সৈয়দপুর গ্রামের মধ্যবর্তী স্থানে মেঠোপথের পাশ থেকে বিউটি বেগমের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি পড়ে ছিল। ওই মুঠোফোনের সূত্র ধরেই হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ।
এএসপি বলেন, খুন হওয়ার রাতেই বিউটি বেগম মুঠোফোনে উত্তর সৈয়দপুর গ্রামের আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এরপর আশরাফ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
তিনি ঘটনার রাতে একজন অজ্ঞাত নারীর মুঠোফোন পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারী বিপদে পড়ার কথা বলে মুঠোফোনে একাধিকবার তাঁকে (আশরাফ) বাড়ির বাইরে ডাক দেন। কিন্তু অজানা বিপদ আঁচ করতে পেরে তিনি বাড়ির বাইরে বের হননি। বিষয়টি রাতেই তিনি পরিবারের সদস্যসহ প্রতিবেশীদের জানিয়েছিলেন। আশরাফ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে।
এএসপি বলেন, আশরাফের দেওয়া ওই তথ্যের ভিত্তিতে আবদুল কুদ্দুস, তাঁর ছেলে উজ্জ্বল হোসেন, যুবলীগ নেতা আসলাম, সিডি ব্যবসায়ী রনি এবং ভাড়াটে খুনি বগুড়া শহরের জহুরুল নগর এলাকার বাচ্চু প্রামাণিককে আটক করা হয়। পরে চার দিনের রিমান্ড শেষে আসলাম ও বাচ্চু প্রামাণিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বাচ্চু প্রামাণিক আদালতকে বলেন, ‘আসলাম আলী দুই লাখ টাকার বিনিময়ে আশরাফকে শায়েস্তা করার দায়িত্ব নেন। আশরাফকে শায়েস্তা করতে একটি বাইসাইকেলও কিনে দেন আসলাম। পরিকল্পনা অনুযায়ী যৌনকর্মী বিউটি বেগমের হাতে ছয় হাজার টাকা তুলে দিয়ে আশরাফকে মুঠোফোনে বাড়ির বাইরে ডেকে আনার কথা বলি। পরিকল্পনা ছিল বাড়ির বাইরে এলেই আশরাফকে হত্যা করা হবে।
ঘটনার দিন আসলামসহ নয়জন মিলে রাত নয়টার দিকে কইডালা ও উত্তর সৈয়দপুর গ্রামের মাঝখানে ওই মেঠো রাস্তায় বিউটিকে দিয়ে ফাঁদ পাতি। কিন্তু বিউটির মুঠোফোনের ডাকে আশরাফ সাড়া না দেওয়ায় পরিকল্পনা পাল্টে বিউটিকেই খুন করে সবাই মিলে আশরাফকে ফাঁসানোর সিদ্ধান্ত নিই। এরপর রাতভর বিউটিকে ধর্ষণের পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে গলায় চাদর পেঁচিয়ে তাকে হত্যা করি। পুলিশ মুঠোফোনের সূত্র ধরে আশরাফকে যাতে সন্দেহ করে এ জন্য বিউটির লাশের কাছে মুঠোফোনটিও ফেলে যাই।’