প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুসন্তানকে হত্যা!
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েশিশুকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ মামলার বাদী শিশুটির বাবা শামসুদ্দিন ওরফে খস্তা ডাকাত ও বোন ববিতা আক্তারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে। তাঁদের কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিপক্ষকে ফাঁসাতে ২৩ এপ্রিল সন্ধ্যায় শামসুদ্দিন ও তাঁর বড় মেয়ে ববিতা আক্তারসহ তাঁদের সহযোগীরা ছোট মেয়ে মোহনা আক্তারকে (৯) হাত-পা বেঁধে ফেলেন। এ সময় বড় বোন ববিতা মোহনার গলায় জামা পেঁচিয়ে ধরেন এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। মোহনাকে এভাবে হত্যা করে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে রাখেন। পরদিন মোহনার হত্যাকারী বাবা থানায় গিয়ে গ্রামের আবদুল মোতালেব ওরফে কাজল মাস্টারসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করতে গিয়ে এজাহারে লিখিত কিছু ঘটনার সঙ্গে অসংগতি দেখতে পান। তদন্তের একপর্যায়ে পুলিশ শামসুদ্দিনের স্ত্রী হেলেনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ঘটনার দিন সন্ধ্যায় গ্রামের নজরুল ইসলাম খানসহ কয়েকজন তাঁর স্বামীর সঙ্গে ফিসফিসিয়ে কথা বলেন। তাঁদের সন্ধ্যার পর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। হেলেনার কাছ থেকে এসব শুনে পুলিশ নজরুল ইসলাম খানকে গ্রেপ্তার করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ২৮ এপ্রিল নজরুল ইসলাম খান কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আলী আহসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে নজরুল ইসলাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, এই হত্যাকাণ্ডে মোহনার বাবা শামসুদ্দিন, বোন ববিতা আক্তার, গ্রামের শহীদ মিয়া, আফজাল ও মোবারক অংশ নেন। তিনি আরও জানান, ভুনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোতালেব মিয়া ওরফে কাজল মাস্টার ও তাঁর পরিবারের লোকজনের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাঁকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করা হয়। পরে এ ব্যাপারে কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল ইসলাম বাদী হয়ে ওই মেয়েশিশুর বাবা-বোনসহ তিন সহযোগীকে আসামি করে কটিয়াদী থানায় নতুন করে একটি হত্যা মামলা দায়ের করেন। আবদুল মোতালেব জানান, ‘সম্পত্তি আত্মসাতের জন্য নিজের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত করে সত্য উদঘাটন করল। সত্যের মৃত্যু নেই। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা এসআই রকিবুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিপক্ষকে ফাঁসাতেই বাবা ও মেয়ে সহযোগীদের নিয়ে মোহনাকে হত্যা করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ বলেন, ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা পুলিশের জন্য একটি ভালো উদাহরণ।’