প্রতিপক্ষরা গুঁড়িয়ে দিয়েছে সেই গভীর নলকূপটি
রাজশাহীর বাগমারা উপজেলার পলাশী গ্রামের সেই গভীর নলকূপটি প্রতিপক্ষরা গত মঙ্গলবার গুঁড়িয়ে দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পলাশী গ্রামে কৃষকদের সুবিধার্থে ওই গ্রামের আবদুল মান্নান স্থানীয় কৃষকদের নিয়ে বুড়াপুকুর এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেন। এতে প্রভাবশালী জোনাব আলী ও তাঁর লোকজন আপত্তি জানান। এ নিয়ে ওই গ্রামের জোনাব আলী ও মান্নান পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। উভয় পক্ষ আদালতে মামলাও করে। এসব বিষয় নিয়ে গত ২৯ অক্টোবর প্রথম আলোয় একটি প্রতিবেদনও প্রকাশ হয়। এর পর মামলার নিষ্পত্তি ও স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে মান্নান পক্ষ সেখানে গভীর নলকূপ স্থাপন করে সেচ দিয়ে আসছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় জোনাব আলী পক্ষের ২৫-৩০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে মান্নানের ওই নলকূপে হামলা চালিয়ে যন্ত্রপাতি, ঘর, পাইপসহ সব গুঁড়িয়ে দেয়। এর আগে তাঁরা ওই নলকূপের চারপাশে পাহারা বসায়। আবদুল মান্নান বলেন, ‘হামলাকারীরা আমাদের গভীর নলকূপের সব গুঁড়িয়ে দিয়েছে। এতে ১৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।’ তবে জোনাবা আলী ও তাঁর পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বাগমারা থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছার আগেই জোনাব আলীর লোকজন সব গুঁড়িয়ে দিয়েছে।’