প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা, পুলিশের গুলি
আধিপত্য বিস্তার নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভিটিপাড়া গ্রামে গতকাল সোমবার প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা চালায় আরেক পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের সঙ্গে বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামানের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার সন্ধ্যায় পুলেরঘাট বাজারে কামাল হোসেনের ওপর হামলা চালায় জামান পক্ষের লোকজন। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভিটিপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। ওই হামলার জের ধরে গতকাল বেলা তিনটার দিকে কামাল হোসেনের পক্ষের লোকজন ভিটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে জামানের বাবা মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিনের ওপর হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ একটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মলয় চক্রবর্তী ফাঁকা গুলি করার সত্যতা নিশ্চিত করেন।সাইফুল্লাহ জামান বলেন, ‘কামাল হোসেনের ওপর কারা হামলা চালিয়েছে জানি না। এর জের ধরে তাঁর লোকজন আমার বাবার ওপর হামলা করেছে।’ কামাল হোসেন অভিযোগ করেন, ‘জামানের লোকজন আমার ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। বিষয়টি আমি জনগণের ওপর ছেড়ে দিয়েছি।’ এদিকে কামাল হোসেনের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার ভিটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভার ঘোষণা দিয়ে তাঁর সমর্থকেরা মাইকিং করেছে। বনগ্রাম ইউপি চেয়ারম্যান খুরশিদ উদ্দিন বলেন, বিষয়টির মীমাংসা না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটে যেতে পারে। কটিয়াদী থানার এসআই খন্দকার ইয়াসিন বলেন, কামাল ও জামান পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছে। তবে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।