প্রতিপক্ষের কর্মীরা দুই ছাত্রলীগের কর্মীকে কুপিয়েছেন
ফেনীতে রবিন (১৮) ও মিজান (১৯) নামে দুই ছাত্রলীগের কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দলীয় প্রতিপক্ষ। গতকাল সোমবার দুপুরে ফেনী সরকারি কলেজ ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। আহত দুই ছাত্রলীগের কর্মীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে ফেনী সরকারি কলেজে ছাত্রলীগের সমর্থক কিছুসংখ্যক শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। কলেজের শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ পক্ষের বহিরাগত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিষয়টি জানান। খবর পেয়ে মিস্টার গ্রুপ হিসেবে পরিচিত শহরের মাস্টারপাড়া থেকে কিছুসংখ্যক নেতা-কর্মী এবং অপরদিকে মামুন গ্রুপ হিসেবে পরিচিত নাজির রোড থেকে কিছু নেতা-কর্মী ছোট ভাইদের সাহায্যে ফেনী সরকারি কলেজ ফটকে এগিয়ে আসেন। বেলা দেড়টায় মামুন গ্রুপ হিসেবে পরিচিত নাজির রোডের কর্মীরা কলেজ ফটকে পৌঁছামাত্রই মাস্টারপাড়ার মিস্টার গ্রুপের কর্মীরা তাঁদের ওপর হামলা করেন এবং এলোপাতাড়ি কুপিয়ে মো. রবিন (১৮) এবং মো. মিজান (১৯) নামের দুই ছাত্রলীগের কর্মীকে মারাত্মকভাবে আহত করেন। খবর পেয়ে ফেনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। মো. রবিন নাজির রোডের আবদুল জলিলের ছেলে এবং মো. মিজান একই এলাকার মো. ইলিয়াছের ছেলে।খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত হলেও মো. রবিন ও মো. মিজান স্থানীয় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নন ।এ বিষয়ে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের মুঠোফোনে জানতে চাওয়া হলে, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ খান চৌধুরী ফেনী সরকারি কলেজ ফটকে দুই ছাত্রলীগের কর্মীকে দলীয় প্রতিপক্ষের কর্মীরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।