প্রতিপক্ষের গুলিতে যুবক গুলিবিদ্ধ
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আমিন বাজারে প্রতিপক্ষের গুলিতে মো. রায়হান (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রায়হানকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি ওই ইউনিয়নের মিয়াপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাইয়াপুর এলাকার সন্ত্রাসী সোহাগ বাহিনী ও মো. কবির ওরফে ছাল্লি কবির বাহিনীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে।
ওই বিরোধের জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে সোহাগ বাহিনীর সন্ত্রাসীরা ছাল্লি কবির বাহিনীর সদস্য মো. রায়হানকে লক্ষ করে কয়েকটি গুলি ছোড়ে। এতে রায়হান গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও সন্ত্রাসীদের কাউকে আটক করতে পারেনি।
এ ঘটনার জের ধরে বিবদমান এ দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
জানতে চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে রায়হান নামের একজন গুলিবিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।