প্রতিপক্ষের দায়ের কোপে চা-শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানে প্রতিপক্ষের দায়ের কোপে চা-শ্রমিক ওসমান আলী (৫৫) মারা গেছেন। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।পুলিশ ও চা-বাগান সূত্রে জানা গেছে, চা-বাগানের বাঁশ কাটা নিয়ে ওসমান আলীর সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ধারালো দা দিয়ে তাঁকে কোপাতে থাকলে ঘটনাস্থলেই ওসমান আলী মারা যান। তিনি মাথিউরা চা-বাগানের ২ নম্বর সেকশনের সর্দার ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আবদুল কাদিরকে (৪০) রাজনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ গতকাল রোববার চা-শ্রমিক নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বাঁশ কাটা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ দা দিয়ে হামলা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো মামলা হয়নি।’