প্রতিপক্ষের ধাওয়া খেয়ে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন আবুল হাসনাত নামের এক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আহত আবুল হাসনাত প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সূত্রমতে, আঞ্চলিক ছাত্র ফোরামের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। আবুল হাসনাত বিশ্ববিদ্যালয়ের মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আবুল হাসনাত বলেন, ‘গতকাল সকালে আমি মৌখিক পরীক্ষা দিতে বিভাগে যাই। কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্র জোর করে আমাকে তুলে নিয়ে যায়। তাঁরা আমাকে শাহজালাল হলের চতুর্থ তলার একটি কক্ষে আটকে রেখে টাকার জন্য মারধর করতে থাকে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাকে পিছু পিছু ধাওয়া করতে থাকে। একপর্যায়ে ভয়ে আমি দ্বিতীয় তলা থেকে লাফ দিই। এতে আমি মুখে, কোমর, বাঁ হাত ও বাঁ পায়ে ব্যথা পেয়েছি।’ ছাত্রলীগের নেতা রাকিব হোসেন বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’