প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজিজ মিয়া (৩৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার গোছামারা চকবাজারে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, নিহত আজিজ মিয়ার বাড়ি উপজেলার গোছামারা গ্রামে। তাঁর চাচাতো ভাই ফারুক মিয়ার সঙ্গে একই এলাকার মিলন মিয়া ও জামাল মিয়ার বিরোধ চলছে। ফারুক মিয়ার সঙ্গে শনিবার রাতে মিলন ও জামালের তর্ক হয়। এ নিয়ে গতকাল সকাল ১০টার দিকে তাঁদের মধ্যে আবার বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জামাল ধারালো অস্ত্র নিয়ে আজিজের পিঠে আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।নিহত আজিজের ভাই ফারুক মিয়া বলেন, ‘সাধারণ ঘটনা নিয়ে জামাল ও মিলন আমাদের প্রতিপক্ষ ভেবে আসছে। তর্কের একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই জামাল ধারালো অস্ত্র নিয়ে আজিজের ওপর চড়াও হয়।’ জামাল মিয়ার আত্মীয়রা জানান, ফারুক এলাকায় আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। এ নিয়ে বিরোধ থাকলেও তা নিয়ে খুনের ঘটনা ঘটে যেতে পারে—এমন ধারণা কেউ করেনি।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কবির বলেন, নিহত আজিজের স্ত্রী সাদিয়া বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি মিলন মিয়া। গ্রেপ্তার হওয়া মোস্তুফা মিয়া মামলার ৩ নম্বর আসামি।