প্রতিপক্ষের নারীদের ওপর আ.লীগ কর্মীদের হামলা, আহত ৩০
কুষ্টিয়ার খোকসা পৌরসভায় গতকাল বুধবার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী ও বিএনপির প্রার্থীর নারী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর লোকজন ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৩০ আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী তারিকুল ইসলাম, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন পিল্টু ও আল মাছুম মোর্শেদ এবং বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তারিকুল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলাম থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় আলাউদ্দীন পিল্টু, আল মাছুম মোর্শেদ ও নাফিজ আহম্মেদের ১৫ জন আত্মীয়স্বজন ও তাঁদের সমর্থকদের আসামি করা হয়। এদিকে গত মঙ্গলবার রাতে আল মাছুম মোর্শেদের সমর্থকেরা তারিকুল ইসলামের কর্মী মুক্তার হোসেনের ওপর হামলা চালান। পরে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।
এদিকে মুক্তারের স্ত্রী আসমা খাতুন তাঁর স্বামীকে মারধরের অভিযোগে গতকাল বুধবার সকালে ৪৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলায় আল মাছুম মোর্শেদের বাবা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মজিদকে ১ নম্বর ও আল মাছুমকে ২ নম্বর আসামি করা হয়েছে। বাকি আসামিরা আল মাছুম মোর্শেদের কর্মী ও সমর্থক।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার এবং চাঁদাবাজি ও মারধরের মামলার প্রতিবাদে আজাদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর কয়েক শ নারী সমর্থক গতকাল বেলা সাড়ে ১১টার দিকে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে তারিকুলের ৫০ থেকে ৬০ জন সমর্থক লাঠি, হকিস্টিক ও বৈঠা নিয়ে নারীদের ওপর হামলা চালিয়ে তাঁদের বেধড়ক মারধর করেন। একই সময় সেখানে বিএনপির প্রার্থীর প্রচারণা করছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহানসহ কয়েকজন। তারিকুলের সমর্থকেরা তাঁদের ওপরও হামলা চালান। দুই দফা হামলায় অন্তত ৩০ জন নারী আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন নারী বলেন, ওসির উপস্থিতিতে গতকাল ওই হামলা হয়। হামলার পর তাঁরা লাঠি হাতে জয় বাংলা স্লোগান দিয়ে চলে যায়।
আল মাছুম মোর্শেদ বলেন, ‘খুবই আতঙ্কে আছি। বৃদ্ধ বাবাকে আসামি করা হয়েছে। এ ছাড়া কর্মী-সমর্থকেরাও আতঙ্কে আছেন।’ একই ধরনের আতঙ্কের কথা জানিয়ে আলাউদ্দীন পিল্টুও বলেন, ‘নির্বাচনের সময় তাঁর ভাই ও ছেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। জানি না বাকি দিনগুলোতে কী অপেক্ষা করছে।’ বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ বলেন, ‘মামলা-হামলা শুরু হয়ে গেছে। এখন বসে দেখা ছাড়া কোনো উপায় নেই।’
তবে প্রতিপক্ষের নারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে উল্টো তারিকুল ইসলাম বলেন, ‘কেউ চাঁদাবাজি করলে অবশ্যই আইনের আশ্রয় নিতে হয়। আমার কর্মীদেরই প্রতিপক্ষের লোকজন মারধর করছেন।’
খোকসা পৌরসভার রিটার্নিং ও ইউএনও রেবেকা খান বলেন, ‘স্বতন্ত্র ও বিএনপির প্রার্থী এবং তাঁদের সমর্থকদের আটটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ আপনার সামনেই নাকি নারীদের ওপর হামলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে ওসি কাজী দাউদ বলেন, ওই নারীরা থানা ঘেরাও করেছিল। পরে ফটকের বাইরে কী হয়েছে তা জানি না। হয়তো হুড়োহুড়িতে এক নারী আরেক নারীর গায়ের ওপর পড়তে পারে।