প্রতিপক্ষের বসতঘরে ভাঙচুর, লুটপাট, দুই গ্রাম পূরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে ওই ইউনিয়নের শিয়াপাড়া ও পূর্ব নয়াপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের ভয়ে ওই দুই গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় লোকজনের অভিযোগ, নির্বিচারে হামলা-ভাঙচুর চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে।
গত মঙ্গলবার দুপুরে খুটাখালী বাজারে বিএনপি-জামায়াতের লোকজন ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার পর রাত সাড়ে নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে সশস্ত্র দুর্বৃত্তরা বিএনপি ও জামায়াত-সমর্থিত লোকজনের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহত মিজানের ছোট ভাই মুজিবুর রহমান। আসামি সবাই বিএনপি-সমর্থিত লোকজন।
সরেজমিনে দেখা যায়, ৭০-৮০ বছরের পুরুষ ছাড়া শিয়াপাড়া ও পূর্ব নয়াপাড়া এলাকার কয়েক শ বসতবাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। প্রতি বাড়িতে শুধু দু-একজন করে নারী ও কোমলমতি শিশু রয়েছে। তারা সশস্ত্র দুর্বৃত্তদের ভয়ে মুখ খোলার সাহস করছে না। সবার চোখে-মুখে আতঙ্কের চাপ।
নাম প্রকাশ করে কেউ কিছু বলছে না। তবে তাঁরা বলেন, মঙ্গলবার মিজান নিহত হওয়ার পর থেকে অন্তত ১০-২০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। অন্তত ৩০-৪০ জন লোককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। কোনো মানুষ তাঁদের বসতবাড়িতে যাতায়াত করতে পারছে না। শিয়াপাড়া ও পূর্ব নয়াপাড়া এলাকার নিয়ন্ত্রণ এখন শতাধিক চিহ্নিত, দাগি ও সশস্ত্র সন্ত্রাসীদের হাতে।
খুটাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিউল আলম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির সমর্থকদের বসতঘরে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। বিএনপির সমর্থক অন্তত ২০-৩০ জন লোককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, মিজানের মৃত্যুর পর মঙ্গলবার রাতে কিছু বসতবাড়িতে হামলা, ভাঙচুর হয়েছে। এরপর ওই এলাকায় পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। এ ছাড়া খুটাখালী কিশলয় স্কুলে চারজন পুলিশ কর্মকর্তা ও ১২ জন কনস্টেবল দিয়ে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখন ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।