কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় হা-ডু-ডু খেলা চলাকালে নিলখী ও ধুবিপাথর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় এখনো গ্রাম দুটিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। একদিকে নিহত ব্যক্তির পরিবারে চলছে মাতম, অন্যদিকে প্রতিপক্ষের বাড়িতেও চলছে চোরাগোপ্তা হামলা ও লুটপাট। ঘটনার পর থেকে গ্রাম দুটিতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হলেও এখনো আতঙ্ক কাটেনি।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ আগস্ট নিলখী গ্রামে যুবকদের উদ্যোগে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালে ধুবিপাথর গ্রামের বাবুল মিয়া তাঁর শিশুসন্তানকে নিয়ে ঝালমুড়ি কিনছিলেন। এ সময় নিলখী গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে রকি মিয়া ঝালমুড়ি কিনতে যায়। সেখানে ঝালমুড়ি আগে দেওয়া নিয়ে বাবুল ও রকির মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধুবিপাথর গ্রামের ফজলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন।
ওই দিনই ধুবিপাথর গ্রামের বিক্ষুব্ধ লোকজন নিলখী গ্রামের কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পরদিন ২৭ আগস্ট নিহত ফজলুর ভাই ইকবাল ভূঁইয়া বাদী হয়ে মেজবাহকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এ ছাড়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজবাহ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেন। এর পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়েছেন। তবে চোরাগুপ্তা হামলা ও লুটপাট অব্যাহত রয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ধুবিপাথর গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিলখী গ্রামে বাড়িঘরে রয়েছে ভাঙচুরের চিহ্ন। প্রশাসনের পক্ষ থেকে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প।
নিলখী গ্রামের কয়েকজন অভিযোগ করেন, রাতে প্রতিপক্ষ লুটপাট করছে। তহুরা বেগমের মা আনোয়ারা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফা হামলা চালিয়ে তাঁর ঘর থেকে রেফ্রিজারেটর নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। নিলু মিয়ার ভাইয়ের স্ত্রী ইয়াসমীন বেগম বলেন, বুধবার রাতে তাঁদের গোয়াল থেকে দুটি গরু নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার রাতে দেলোয়ারার বাড়ি থেকেও লুট হয় ২০ মণ ধান।
অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন জানান, অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর পর থেকে ধীরে ধীরে পরিবেশ শান্ত হয়ে আসছে। তাঁরও আশঙ্কা, সুযোগসন্ধানী চক্র পুলিশের চোখ ফাঁকি দিয়ে লুটপাট করছে।