প্রতিপক্ষের বাধায় বিদ্যুৎ-সংযোগ পাচ্ছে না ২২টি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা জমা দেওয়া হয়েছে প্রায় তিন বছর আগে। খুঁটিও পোঁতা হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) লোকজন সংযোগ দিতে এসেছিলেন। তবে প্রতিপক্ষের বাধায় তাঁরা সংযোগ দিতে পারেননি। এতে ভোগান্তিতে পড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শ্যামপুরের ২২টি পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খনগাঁও ইউনিয়নের শ্যামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণপাড়া ও মধ্যপাড়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ২০১২ সালের শেষের দিকে দক্ষিণপাড়ার ৩৫-৩৬টি পরিবার বিদ্যুৎ–সংযোগ পায়। এরপর মধ্যপাড়ার ২২টি পরিবার সংযোগের জন্য আবেদন করে। কিন্তু মধ্যপাড়ার ওই বাসিন্দাদের সংযোগ পেতে হলে দক্ষিণপাড়ার ওপর দিয়ে নিতে হবে। তাই দক্ষিণপাড়ার বাসিন্দাদের বাধায় তারা সংযোগ পাচ্ছে না।
মধ্যপাড়ার পিতাম্বর চন্দ্র ও উত্তম কুমার রায় বলেন, গত বছরের মার্চের ঠাকুরগাঁও পবিসের লোকজন তিনটি খুঁটি পুঁতেছিলেন। এরপর মূল লাইনের সঙ্গে তারের সংযোগ দিতে গেলে দক্ষিণপাড়ার লোকজনের বাধার মুখে তাঁরা ফিরে যান। ওই বছরের জুলাইয়ে পবিসের কর্মীরা আবারও সংযোগ দিতে আসেন। তখনো দক্ষিণপাড়ার লোকজন তাঁদের বাধা দিয়ে ফিরিয়ে দেন।
পবিসের পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম মাসুদুর রহমান বলেন, ‘মধ্যপাড়ার মানুষ আইনের আশ্রয় নিলে যথাযথ পদক্ষেপ নেব।’