প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর-লুটপাট
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ধারাবারিষা গ্রামে দীর্ঘদিন ধরে শাহীন আলম ও আবদুর রহমানের পক্ষের মধ্যে কোন্দল চলছিল। তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক। বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। গত শনিবার ভোর ছয়টার দিকে আকস্মিকভাবে আবদুর রহমানের পক্ষের ৫০-৬০ জনের একটি দল শাহীন আলমসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। তারা প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শাহীন আলম প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাঁকে মারধর করে।শাহীন আলম অভিযোগ করেন, আবদুর রহমানের পক্ষের আহাদের নেতৃত্বে ৫০-৬০ জন লোক তাঁর বাড়িতে শনিবার ভোর ছয়টার দিকে হামলা চালায় এবং তাঁকে বেদম মারধর করে। হামলাকারীরা তাঁর ঘর এবং তাঁর সমর্থক মঞ্জিল, ইসলাম, লিটু মোল্লা, নিজাম ও ইবাদের বাড়িসহ প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে আবদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। অযথা আমার দোষ দেওয়া হচ্ছে।’ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড চলার কারণেই এসব ঘটনা ঘটছে। বিষয়টি স্থানীয়ভাবে আপসরফার চেষ্টা চলছে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়ছে। তবে কোনো পক্ষই মামলা দিতে আসেনি। মামলা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।