প্রতিপক্ষের বিরুদ্ধে পানবরজ নষ্ট করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার চকমহব্বতপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষের পানবরজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এনামুল হক নামের এক ব্যক্তির লোকজনের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার ওই অভিযোগ করেন প্রতিপক্ষ আয়েন উদ্দিন (৫৫)।

 এনামুল হক রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের (৪২) ব্যক্তিগত সহকারী।

 প্রতিপক্ষ আয়েন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ পাহারা থাকা অবস্থায় গত রোববার রাতে তাঁর পক্ষের ইউসুফ আলী, ইব্রাহিম হোসেন, মোস্তাকিন হোসেনের প্রায় ৩ বিঘা পানবরজ নষ্ট করা হয়েছে। প্রতিপক্ষ এনামুলের লোকজন ভাঙচুর চালিয়ে ওই পানবরজ নষ্ট করেছেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিপক্ষের হুমকি ও অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে তাঁর পক্ষের সাতটি পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। এর আগেও তাঁদের বাড়িঘরে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনামুলের চাচাতো ভাই গোলাম মোস্তফার নেতৃত্বে এসব হামলার ঘটনা ঘটছে।

প্রসঙ্গগত ২৩ জুলাই একটি বিরোধপূর্ণ জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের হবিবুর রহমান ও আয়েনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হবিবুরের পক্ষে এনামুল অবস্থান নেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ জুলাই সংঘর্ষের পর থেকে আয়েনের পক্ষের পুরুষ সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ সময়ের মধ্যে একাধিকবার বাড়িঘর ও পানবরজে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সম্ভাব্য হামলার আশঙ্কায় এ ঘটনার পর থেকে আয়েনের বাড়িতে পুলিশ পাহারা রাখা হয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলাও হয়।

গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে ভাঙচুর, লুটপাটের দৃশ্য দেখা যায়। তবে এলাকায় এনামুলকে পাওয়া যায়নি। এ সময় এনামুলের বাবা আমির উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার পরই ২৩ জুলাই কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন আর কিছুই হয়নি, ওইসব সাজানো ঘটনা।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ কুমার চন্দ্র বলেন, এখন পরিবেশ শান্ত রয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, আয়েনের বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। তবে রোববার রাতে পানবরজ নষ্ট করার বিষয়টি পুলিশ জানে না।