জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে গতকাল রোববার পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
মারধরে আহত স্কুলছাত্রের নাম লিছানূর রহমান (১২)। সে শিলকুড়িয়া গ্রামের জাহিদ আনোয়ারের ছেলে। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি মাসেই শিলকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দুই সভাপতি প্রার্থী একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলম ও ইউনুস মহুরির মধ্যে দ্বন্দ্বের জেরে নির্বাচন স্থগিত হয়ে যায়। খোরশেদ আলম আহত লিছানূরের দাদা।
খোরশেদ আলম অভিযোগ বলেন, তিন বছর তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। ওই কমিটির মেয়াদ সম্প্রতি শেষ হয়। নতুন মেয়াদের জন্য তিনি সভাপতি পদে প্রার্থী হন। কিন্তু প্রতিপক্ষের ইউনুস মহুরি তাঁকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় তাঁর (খোরশেদের) ভাতিজা জাহিদ আনোয়ারকে ১৭ সেপ্টেম্বর বিদ্যালয় মাঠে বেধড়ক পেটায় ইউনুস মহুরির সহযোগীরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জাহিদের ছেলে লিছানূর পাশের দিকপাইদ ইউনিয়নের ছোনটিয়া মোড়ে গেলে তাকে বেধড়ক পেটানো হয়।