পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের শটগানের গুলিতে সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইকরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খলিফা জানান, গতকাল বিকেল চারটার দিকে ইকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানভীর হোসেন তালুকদার ইকরি বাসস্ট্যান্ড এলাকার একটি জমি মাপজোখ করতে একজন আমিন পাঠান। এ সময় ইকরি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী এসমাইল আরাফাত তাঁকে গালাগাল করেন। খবর পেয়ে তানভীর সেখানে লোকজন নিয়ে গেলে এসমাইল তাঁকেও গালিগালাজ করেন। এ সময় দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে এসমাইল তাঁর বাসস্ট্যান্ড-সংলগ্ন বাসায় গিয়ে প্রথমে শটগানের ফাঁকা গুলি করেন। পরে তানভীরের লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় স্বপন তালুকদার, ফিরোজ তালুকদার, আবুল বাশার, মো. জুয়েল, বাবুল খান, সোহাগ আকন ও সেলিম গুলিবিদ্ধ হন। স্বপন ও ফিরোজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এসমাইল আরাফাত গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চেয়ারম্যান তানভীর হোসেন তালুকদারের লোকজন নিজেরা গুলি ছোড়ে। এতে তাদের লোকজনই আহত হয়েছে।’ তিনি দাবি করেন, তিনি একটি শটগান ব্যবহার করেন, যা থেকে ছররা গুলি বের হয় না।
ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইখতিয়ার হোসেন জানান, আহত ব্যক্তিদের গায়ে ছররা গুলি লেগেছে। ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান রাতে বলেন, এসমাইল ও তাঁর ভাই কাদিমকে আটক করা হয়েছে। এসমাইলের শটগানটিও জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউএনও কাজী মাহাবুবুর রশীদ জানান, ‘ওই জমি নিয়ে এসমাইল ও তানভীরের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে কিছুদিন আগে সালিস হয়েছে। আজ (গতকাল) দুপুর ১২টার দিকে আমি সেখানে গিয়েছিলাম। সন্ধ্যায় এ নিয়ে দুজনেরই অচলনামায় সই দেওয়ার কথা ছিল।’