প্রতিপক্ষের হাতে অস্ত্র গুঁজে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের সুজানগর এলাকায় গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের একজনের হাতে অস্ত্র গুঁজে দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ছবি তুলতে গিয়ে চার সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও আটজনকে গ্রেপ্তার করেছে। পুকুর নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, একটি পুকুরের ভাগাভাগি নিয়ে সুজানগর এলাকার আজগর আলী ও ফয়সাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন জানায়, সুজানগর এলাকায় অস্ত্র আছে—এমন খবর পেয়ে র‌্যাব-১১-এর সদস্যরা গতকাল দুপুরে অভিযান চালান। এ সময় স্থানীয় মন্টু মিয়ার বাড়ির পাশের নালা থেকে বেশ কয়েকটি রামদা, চায়নিজ কুড়াল, দা ও স্টিলের পাইপ উদ্ধার করা হয়। র‌্যাব চলে যাওয়ার পরপরই ফয়সালের পক্ষের লোকজন আজগরের বাড়িতে হামলা চালায়। তাদের দোকানপাটও ভাঙচুর করা হয়। পরে আজগরের লোকজন সংঘবদ্ধ হয়ে ফয়সালের লোকজনকে ধাওয়া করে। তারা ফয়সালের পক্ষের মোহাম্মদ হাবিবকে (২৬) ধরে নিয়ে যায়। হাবিবকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে আজগর একটি দেশি এলজি হাবিবের হাতে গুঁজে দেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ আজগরকে গ্রেপ্তার করে থানায় নিতে চাইলে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছোড়ে ও বিক্ষোভ করে। এ ঘটনার ছবি তুলতে গিয়ে চার সাংবাদিক মারধরের শিকার হন। আহত সাংবাদিকেরা হলেন সমকাল-এর আলোকচিত্রী এন কে রিপন, কুমিল্লার কাগজ-এর হুমায়ূন কবীর, রুপসী বাংলার বাহার রায়হান ও দেলোয়ার হোসেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আজগর (৩৯), উজ্জ্বল (২৯), আজিজুর (৩৪), মিন্টু (৫০), শাহাদাৎ (৩২), রেখা বেগম (৩৮), রাশেদা আক্তার (২৮) ও সুরাইয়া আক্তার (৩০)। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকেরা সন্ধ্যায় টাউন হলের সম্মেলনকক্ষে প্রতিবাদ সভা করেন। তাঁরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, এসব ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) লিটন দেওয়ান একটি মামলা করেছেন। মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।