প্রতিপক্ষের হামলা আহত ৩
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বরদানগর গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধান কাটার সময় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দুটি পা-ই ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে। থানা সূত্রে জানা গেছে, বরদানগর গ্রামের মোবারক হোসেনের তিন ছেলে—সোবাহান (৫৫), রফিকুল (২৫) ও আলেফ (৩০) তাঁদের বিরোধপূর্ণ একটি জমিতে ধান কাটতে যান। এ সময় প্রতিপক্ষ তাঁদেরই চাচাতো ভাই মৃত মজম মোল্লার ছেলে ইশারত, ইসরাফিল, মমিন ও ইসরাফিলের ছেলে রানা দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোবাহানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে এবং আলেফকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার দিনই আহত ব্যক্তিদের বাবা মোবারক হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) চৌধুরী জুবায়ের জানান, মামালা দায়েরের পরই ইশারত আলী নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক।