প্রতিপক্ষের হামলা ও লঞ্চের চাপায় দুজনের মৃত্যু
বরিশালে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন প্রতিপক্ষের হামলায় এবং অন্যজন দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে মারা গেছেন। এঁরা হলেন নগরের রূপাতলী এলাকার বাসিন্দা নাসির হাওলাদার (৪৫) ও পলাশপুর এলাকার আকরাম আলী (৬৫)।বরিশাল নৌবন্দরের ট্রাফিক পরিদর্শক সোহরাব হোসেন জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে পন্টুনে ভেড়ানো সুন্দরবন-৮ লঞ্চের পাশে নৌকায় করে মাছ ধরছিলেন আকরাম আলী। ওই সময় কালাম খান নামের আরেকটি লঞ্চ ঢাকা থেকে এসে পন্টুনে ভিড়তে গেলে দুটি লঞ্চের মাঝে তাঁর নৌকা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, আকরামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এদিকে রোববার সকালে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় আহত হন বরিশাল নগরের রূপাতলী এলাকার বাসিন্দা নাসির হাওলাদার। প্রথমে তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ঈদের দিন সকালে তিনি মারা যান।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নাসির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।