প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, তিন ছেলে আহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে খাসপুকুরের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত ও তিন ছেলে আহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার বাতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইয়াসিন আলী (৬৫)। আহত ব্যক্তিরা হলেন ইয়াসিনের তিন ছেলে রুহুল আমিন (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও বরাত আলী (৩৮)। তাঁদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাতিয়ারপাড়া গ্রামের একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে সারোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার রুহুল আমিনের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত নয়টার দিকে সারোয়ারের সঙ্গে রুহুল আমিনের ছোট ভাই আবদুল হামিদের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পর সারোয়ার তাঁর সহযোগীদের নিয়ে রুহুল আমিনের বাড়িতে হামলা চালান। এতে ইয়াসিন আলী, রুহুল আমিন, রফিকুল ইসলাম ও বরাত আলী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে ইয়াসিন আলী মারা যান।
এ বিষয়ে সারোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, এ ঘটনায় ইয়াসিন আলীর ছেলে আবদুল হামিদ বাদী হয়ে সারোয়ার হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।