প্রতিপক্ষের হামলায় শ্রমিক দলের সভাপতি জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সভায় যাওয়ার পথে উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল মাতুব্বরকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় ইউনিয়নের লোন্দা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন মৃধা অভিযোগ করেন, ‘ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে আমার নির্ধারিত সভা ছিল। ওই সভায় যোগদানের জন্য উপজেলা বিএনপির নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ও শ্রমিক দলের সভাপতি জামাল মাতুব্বরসহ দলের অন্য নেতারা কলাপাড়া থেকে সভাস্থলে আসছিলেন। পথে লোন্দা এলাকায় খেয়া পারাপারের সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল লতিফ গাজীর ছেলে হাসিব গাজীর নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। হামলায় জামাল মাতুব্বর গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’