প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডের বলি হলেন ছাত্রলীগের কর্মী বাহাদুর (২৩)। একটি গ্রুপের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত তিনটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পরিস্থিতি শান্ত রাখতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, চিলমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মুকুল ও সাধারণ সম্পাদক শুভ গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার শুভ গ্রুপের কর্মী বাহাদুরকে বেলা দুইটার দিকে চিলমারী এলএসডি মোড়ে একা পেয়ে মুকুল গ্রুপের সমর্থকেরা হামলা করে হাত-পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে ওই দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চিলমারীতে শোকের ছায়া নেমে আসে। বাহাদুরের লাশ গতকাল বুধবার এশার নামাজের পর চিলমারী ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা আহমেদ জানান, পরিস্থিতি শান্ত আছে। যেকোনো পরিস্থিতির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।