প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়ি ভাঙচুর, লুটপাট
জয়পুরহাটে জমিজমা নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে গ্রামের লোকজন। বিক্ষুব্ধ গ্রামবাসী হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জয়পুরহাট-পাঁচবিবি সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের আবদুর সাকুরের (৪৫) সঙ্গে প্রতিবেশী সাইদুল ইসলামের জমিজমা নিয়ে বিবাদ চলছিল। গত সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে সাইদুল ও তাঁর লোকজনের হামলায় আবদুর সাকুর, তাঁর বাবা আবদুর রউফ মন্সি, ভাই সিরাজুল ইসলাম ও আবদুর নূর আহত হন। এঁদের মধ্যে আবদুর সাকুরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। গতকাল বুধবার ভোরে সাকুরের মরদেহ গ্রামের বাড়ি পারুলিয়ায় পৌঁছালে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। সকালের দিকে উত্তেজিত গ্রামবাসী সাকুর হত্যাকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তিদের পাঁচটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। সাকুরের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সকাল ১০টায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নান ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ গ্রামবাসী।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গত সোমবার মারামারির ঘটনায় নিহত সাকুরের ভাই আবদুর বাতেন ১১ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেছিলেন। মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বাড়িঘর ভাঙচুরের ঘটনায় কেউ মামলা করতে আসেনি বলেও তিনি জানান।