প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু
চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল সোমবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ইছানগর এলাকার মৃত ইমতিয়াজ সুলতানের ছেলে। এ ছাড়া হামলায় আহত ব্যক্তিরা হলেন নিহত জাহাঙ্গীরের ছোট ভাই এম ফয়সাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ও আরাফাত রহমান, প্রবাসী হাসান মুরাদ ও বদিউল আলম। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তমচন্দ্র দেব প্রথম আলোকে বলেন, ক্রিকেট খেলা নিয়ে এলাকাবাসীর দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করে। জাহাঙ্গীরদের পক্ষ মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় কর্ণফুলী ডকইয়ার্ডের সামনে পৌঁছালে অপর পক্ষ ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানান ওসি।